ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ তৃতীয় মাসে গড়ানোর মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের ছেলেদের মালিকানাসংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান থেকে ড্রোন কেনার চুক্তি করেছে মার্কিন বিমানবাহিনী। ফ্লোরিডাভিত্তিক প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি পাওয়ারাস এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠানের সঙ্গে সামরিক বাহিনীর এমন বাণিজ্যিক সম্পর্ক নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারিজোনার একটি […]
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ তৃতীয় মাসে গড়ানোর মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের ছেলেদের মালিকানাসংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান থেকে ড্রোন কেনার চুক্তি করেছে মার্কিন বিমানবাহিনী। ফ্লোরিডাভিত্তিক প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি পাওয়ারাস এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠানের সঙ্গে সামরিক বাহিনীর এমন বাণিজ্যিক সম্পর্ক নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারিজোনার একটি ঘাঁটিতে ড্রোনের কার্যকারিতা প্রদর্শনের পর পেন্টাগন এই ক্রয়ের সিদ্ধান্ত নেয়। কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ব্রেট ভেলিকোভিচ জানান, এটি একটি ইন্টারসেপ্টর ড্রোন, যা আকাশে শত্রুপক্ষের ড্রোন শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। তবে কতগুলো ড্রোন কেনা হচ্ছে বা চুক্তির আর্থিক মূল্য কত, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্র মূলত ইরানের স্বল্পমূল্যের আক্রমণকারী ড্রোন মোকাবিলার জন্য এ ধরনের প্রযুক্তির দিকে ঝুঁকছে। ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের বদলে ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করলে আকাশ প্রতিরক্ষার খরচ কমে আসবে বলে সামরিক মহল মনে করছে। এর আগে মার্কিন সেনাবাহিনী ইউক্রেনে তৈরি এআই-সমৃদ্ধ মেরোপস ইন্টারসেপ্টর ড্রোনও মধ্যপ্রাচ্যে পাঠায়।
সম্প্রতি কংগ্রেসের এক উত্তপ্ত শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় নিয়ে কঠিন প্রশ্নের মুখে পড়েন। পেন্টাগনের হিসাবে, এ সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ভেলিকোভিচ বলেন, সস্তা ড্রোন প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে ছিল, আর এই নতুন ব্যবস্থা করদাতাদের অর্থ সাশ্রয় করেও দ্রুত বদলে যাওয়া ড্রোন হামলা ঠেকাতে কার্যকর হবে।
তবে এই চুক্তিকে ঘিরে স্বচ্ছতার প্রশ্নও উঠেছে। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের সঙ্গে পাওয়ারাসের ব্যবসায়িক সম্পর্ককে কেন্দ্র করেই সমালোচনা বাড়ছে। প্রতিষ্ঠানটি সরাসরি শেয়ারবাজারে না গিয়ে ট্রাম্প পরিবারের মালিকানাধীন গলফ কোর্স অপারেটর কোম্পানি অরিয়াস গ্রিনওয়ে হোল্ডিংসের সঙ্গে একীভূত হওয়ার পরিকল্পনা করছে। এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে নাসডাকে তালিকাভুক্ত।
প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের ব্যবসায়িক স্বার্থ জড়িত এমন আরও কিছু প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্য চেয়ে পেন্টাগনের কাছে চিঠি পাঠিয়েছেন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। এর আগে এরিক ট্রাম্পের সমর্থনপুষ্ট ইসরায়েলি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান এক্সটেন্ড এবং জেএফবি কনস্ট্রাকশন হোল্ডিংসের মধ্যে বড় চুক্তি নিয়েও তদন্তের দাবি উঠেছিল।
বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রথম পরিবারের ব্যবসায়িক সম্পৃক্ততা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক দেখা দিয়েছে। সমালোচকদের মতে, জাতীয় নিরাপত্তা ও পারিবারিক ব্যবসার সীমারেখা স্পষ্ট না থাকলে এমন চুক্তি প্রশ্নবিদ্ধ হয়ে উঠতে বাধ্য।