যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে দেশটিতেও ফ্রান্সের মতো ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রকে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে। সোমবার (১৯ অক্টোবর) কানসাস অঙ্গরাজ্যের পার্ক সিটিতে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এসব […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে দেশটিতেও ফ্রান্সের মতো ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রকে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।
সোমবার (১৯ অক্টোবর) কানসাস অঙ্গরাজ্যের পার্ক সিটিতে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন ট্রাম্প।
ফ্রান্সে সাম্প্রতিক সহিংস বিক্ষোভের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, রিপাবলিকানরা নির্বাচনে জয়ী না হলে যুক্তরাষ্ট্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। ফ্রান্সের জ্বলন্ত গির্জার চূড়া ও দাবানলের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, চরমপন্থী ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রকে একই পরিণতির দিকে নিয়ে যেতে চায়।
ইরান যুদ্ধ ও মূল্যবৃদ্ধির কারণে ভোটারদের অসন্তোষের মধ্যে রয়েছেন রিপাবলিকান প্রার্থীরা। এই পরিস্থিতিতে সিনেটর রজার মার্শালের পক্ষে প্রচারণা চালাতে কানসাস সফর করেন ট্রাম্প।
কানসাসে গত ৯৪ বছরে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি। তবে এবার প্রথম মেয়াদে দায়িত্ব পালন করা রিপাবলিকান সিনেটর মার্শাল ডেমোক্র্যাটিক প্রার্থী অ্যাডাম হ্যামিল্টনের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন।
এদিকে, রয়টার্স-ইপসোসের জনমত জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থন কমে ৩১ শতাংশে দাঁড়িয়েছে, যা তাঁর সর্বনিম্ন পর্যায়। নির্বাচনী প্রচারণার ওই সমাবেশে ডেমোক্র্যাটদের সমালোচনা করার পাশাপাশি অভিবাসনবিরোধী ও মুসলিমবিরোধী মন্তব্যও পুনর্ব্যক্ত করেন তিনি।
সূত্র: রয়টার্স