আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সংশোধন কার্যকর করা হয়। গত ১১ ডিসেম্বর জারি করা মূল প্রজ্ঞাপনের আপিল দায়ের ও নিষ্পত্তির সময়সীমা এবং কিছু ভাষাগত বিষয় সংশোধন করা হয়েছে। সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই শেষে […]
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সংশোধন কার্যকর করা হয়। গত ১১ ডিসেম্বর জারি করা মূল প্রজ্ঞাপনের আপিল দায়ের ও নিষ্পত্তির সময়সীমা এবং কিছু ভাষাগত বিষয় সংশোধন করা হয়েছে।
সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা দুই দিন কমানো হয়েছে। আগে যেখানে আপিল দায়েরের সময় ছিল ৫ থেকে ১১ জানুয়ারি, সেখানে এখন তা নির্ধারণ করা হয়েছে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। পূর্বে এই সময় ছিল ১২ থেকে ১৮ জানুয়ারি, সংশোধনের পর তা করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি।
এছাড়া প্রজ্ঞাপনের কিছু ভাষাগত সংশোধনও করা হয়েছে। গেজেট থেকে ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন’ শব্দগুচ্ছ বাদ দেওয়া হয়েছে। তবে ভোটগ্রহণের তারিখসহ নির্বাচনের অন্যান্য গুরুত্বপূর্ণ সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছে ইসি।
সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচনের সময়সূচি এক নজরে
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬
আপিল দায়ের: ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৬
আপিল নিষ্পত্তি: ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি ২০২৬
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি ২০২৬
নির্বাচনি প্রচারণা শুরু: ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনি প্রচারণা শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬