ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। মেলোনিকে উদ্দেশ করে আবারও কটাক্ষ করে ট্রাম্প বলেছেন, একসময় ইতালীয় এই নেত্রী তার ‘বড় ভক্ত’ ছিলেন। সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি-৭) শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে এই বিরোধ প্রকাশ্যে আসে। ট্রাম্প দাবি করেন, সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার […]
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। মেলোনিকে উদ্দেশ করে আবারও কটাক্ষ করে ট্রাম্প বলেছেন, একসময় ইতালীয় এই নেত্রী তার ‘বড় ভক্ত’ ছিলেন।
সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি-৭) শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে এই বিরোধ প্রকাশ্যে আসে। ট্রাম্প দাবি করেন, সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন। তবে ইতালির প্রধানমন্ত্রী এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে একে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দেন।
এই বিতর্কের ধারাবাহিকতায় মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের সাংবাদিক গ্যাব গুতিয়ারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নতুন করে মেলোনিকে লক্ষ্য করে মন্তব্য করেন। তিনি বলেন, “তিনি আমার বড় ভক্ত ছিলেন। কিন্তু এখন আমি তাকে ভক্ত হিসেবে চাই না, কারণ হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটো জোটের সঙ্গে মেলোনি ও তার দেশ আমাদের পাশে ছিল না।”
এর আগে ইতালীয় সংবাদমাধ্যম ‘লা সেভেন’-এর এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছিলেন যে জর্জিয়া মেলোনি তার সঙ্গে একটি ছবি তোলার জন্য ‘খুবই ব্যাকুল’ ছিলেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, “আমি হয়তো ছবিটা তুলতাম না, কিন্তু তার জন্য আমার করুণা হয়েছিল।”
মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য ইতালিতে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। এর জবাবে শুক্রবার (১৯ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
ভিডিওটির ক্যাপশনে তিনি স্পষ্টভাবে লিখেন, “আমি কিংবা ইতালি—কেউই কখনো কারও কাছে অনুনয়-বিনয় করে না।”
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং ন্যাটো জোটের বিভিন্ন নীতি নিয়ে ওয়াশিংটন ও রোমের অবস্থানে কিছু মতপার্থক্য দেখা গেছে। সেই প্রেক্ষাপটেই ট্রাম্প ও মেলোনির মধ্যে প্রকাশ্য এই বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে।
তবে উভয় দেশই দীর্ঘদিনের কৌশলগত মিত্র হওয়ায় এই মন্তব্যগুলোকে অনেকেই রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত কূটনৈতিক চাপ সৃষ্টির অংশ হিসেবে দেখছেন। তা সত্ত্বেও দুই নেতার সাম্প্রতিক পাল্টাপাল্টি বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট