দক্ষিণ ইউরোপের কয়েকটি দেশে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও গ্রিসের বিস্তীর্ণ বনাঞ্চল আগুনে পুড়ে যাচ্ছে। অনেক এলাকায় হাজারো মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে। কোথাও গুরুত্বপূর্ণ সড়ক, আবার কোথাও জনপ্রিয় পর্যটন এলাকা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে সংশ্লিষ্ট কর্মকর্তারা একে ‘বারুদের […]
ছবি: সংগৃহীত
দক্ষিণ ইউরোপের কয়েকটি দেশে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও গ্রিসের বিস্তীর্ণ বনাঞ্চল আগুনে পুড়ে যাচ্ছে। অনেক এলাকায় হাজারো মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে। কোথাও গুরুত্বপূর্ণ সড়ক, আবার কোথাও জনপ্রিয় পর্যটন এলাকা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে সংশ্লিষ্ট কর্মকর্তারা একে ‘বারুদের স্তূপ’-এর সঙ্গে তুলনা করছেন। দাবানলের প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্সেও।
সোমবার (৬ জুলাই) পর্যন্ত দক্ষিণ ইউরোপের চার দেশে প্রায় ২০ হাজার হেক্টর বনভূমি ও প্রাকৃতিক এলাকা আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কয়েক হাজার দমকলকর্মী, শত শত অগ্নিনির্বাপণ যান এবং একাধিক বিমান ও হেলিকপ্টার কাজ করছে। তবে আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, নতুন তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
সবচেয়ে সংকটপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে ফ্রান্সের স্পেন সীমান্তসংলগ্ন পিরেনিজ অঞ্চলে। সেখানে দাবানল দ্রুত বিস্তার লাভ করায় ১০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৭০০ দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে নিরলস কাজ করলেও দুর্গম পাহাড়ি এলাকা, শুষ্ক আবহাওয়া এবং দমকা হাওয়ার কারণে অভিযান কঠিন হয়ে পড়েছে। ইতোমধ্যে ওই অঞ্চলের কয়েক হাজার হেক্টর বনভূমি আগুনে ভস্মীভূত হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো জানিয়েছেন, সোমবার সকাল থেকে আগুনের পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বর্তমানে দেশটির অন্তত পাঁচটি প্রশাসনিক এলাকায় দাবানল সক্রিয় রয়েছে। তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় চলতি মৌসুমে আগুনে ক্ষতিগ্রস্ত ভূমির পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুনের গতি এতটাই দ্রুত ছিল যে অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় পাননি। মুহূর্তের মধ্যে চারপাশ ধোঁয়া ও আগুনে ছেয়ে যাওয়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্পেনেও দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। কাতালোনিয়ার সংরক্ষিত বনাঞ্চল ‘লেস গাভারেস’-এর বড় অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে কাস্তেলন প্রদেশের ‘সিয়েরা দে এস্পাদান’ জাতীয় উদ্যানে দাবানল ছড়িয়ে পড়ায় পাঁচ শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
পর্তুগালের মধ্যাঞ্চলের ভিসেউ এলাকায় কয়েক দিন ধরে চলা দাবানলে প্রায় ১৩ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুন নেভাতে দেশটির পাশাপাশি স্পেন ও ইতালির দমকল বাহিনীও সহায়তা করছে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আগুনের বড় অংশ নিয়ন্ত্রণে এলেও কয়েকটি এলাকায় এখনও ঝুঁকি রয়ে গেছে।
গ্রিসেও আগুনের বিস্তার অব্যাহত রয়েছে। উত্তরাঞ্চলের থেসালোনিকিতে দাবানলের আগুন ছড়িয়ে দুটি কারখানা পুড়ে গেছে। এর মধ্যে একটি ছিল প্লাস্টিক পুনর্ব্যবহার কারখানা। কারখানাটি থেকে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ায় আশপাশের কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রাজধানী এথেন্সের পশ্চিমাঞ্চলেও নতুন একটি দাবানল নিয়ন্ত্রণে শতাধিক দমকলকর্মী এবং অগ্নিনির্বাপণ বিমান মোতায়েন করা হয়েছে।
চলমান দাবানলের প্রভাব পড়েছে ট্যুর ডি ফ্রান্সের তৃতীয় ধাপেও। প্রতিযোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফিনিশিং লাইনের আশপাশে দর্শকদের প্রবেশ সীমিত করা হয়েছে। শুধুমাত্র প্রতিযোগী এবং জরুরি সেবার যানবাহনকে ওই এলাকায় চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
জলবায়ুবিষয়ক গবেষকদের মতে, সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া এবং খরার কারণে দাবানলের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দক্ষিণ ইউরোপের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষজ্ঞদের ভাষ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে এ ধরনের চরম আবহাওয়ার ঘটনা আগের তুলনায় আরও ঘন ঘন এবং আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
সূত্র: রয়টার্স