নতুন বছরের শুরুতেই নতুন নেতৃত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্ক সিটি। ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি শহরটির প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রিও কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ারকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে ঐতিহাসিক জয় অর্জন করেন। ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সমর্থিত এই […]
ছবি: সংগৃহীত
নতুন বছরের শুরুতেই নতুন নেতৃত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্ক সিটি। ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি শহরটির প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রিও কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ারকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে ঐতিহাসিক জয় অর্জন করেন।
ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সমর্থিত এই নেতা আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন। তাঁর শপথ বাক্য পাঠ করাবেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।
শপথ গ্রহণের দিন দুপুরে সিটি হলের বাইরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বামপন্থি রাজনীতিক ও ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
জোহরান মামদানির শপথ গ্রহণকে প্রতীকী ও তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক লিংকন মিচেল। তিনি বলেন, নববর্ষের উৎসবের আবহে এই শপথ একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে—নিউ ইয়র্ক একটি বহুজাতিক, বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক মহানগর, যেখানে সবাইকে একসঙ্গে বসবাস করতে হয়।
নতুন মেয়রের দায়িত্ব গ্রহণের মাধ্যমে নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।