সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৪:৪১ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের সাউথ ব্রঙ্কসে লিজিওনিয়ার্স রোগের নতুন ক্লাস্টার, আক্রান্ত ১০

নিউইয়র্কের সাউথ ব্রঙ্কসে লিজিওনিয়ার্স রোগের নতুন একটি ক্লাস্টারে ১০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন এবং একজনের মৃত্যু হয়েছে বলে সোমবার জানিয়েছে নগরীর স্বাস্থ্য বিভাগ। প্রাথমিক পরীক্ষায় আক্রান্ত এলাকার ১০টি ভবনের কুলিং টাওয়ারে লিজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। এসব ভবনের মধ্যে নিউইয়র্কের পরিচিত ক্রীড়া স্থাপনা ইয়াঙ্কি স্টেডিয়াম এবং নগরীর মালিকানাধীন লিংকন হাসপাতালও রয়েছে। […]

নিউইয়র্কের সাউথ ব্রঙ্কসে লিজিওনিয়ার্স রোগের নতুন ক্লাস্টার, আক্রান্ত ১০

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের সাউথ ব্রঙ্কসে লিজিওনিয়ার্স রোগের নতুন একটি ক্লাস্টারে ১০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন এবং একজনের মৃত্যু হয়েছে বলে সোমবার জানিয়েছে নগরীর স্বাস্থ্য বিভাগ।

প্রাথমিক পরীক্ষায় আক্রান্ত এলাকার ১০টি ভবনের কুলিং টাওয়ারে লিজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। এসব ভবনের মধ্যে নিউইয়র্কের পরিচিত ক্রীড়া স্থাপনা ইয়াঙ্কি স্টেডিয়াম এবং নগরীর মালিকানাধীন লিংকন হাসপাতালও রয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ব্যাকটেরিয়া শনাক্ত হওয়া ১০টি কুলিং টাওয়ার পরিষ্কার ও জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মরিসানিয়া ও মেলরোজসহ ১০৪৫১ ও ১০৪৫৬ এলাকার বিভিন্ন স্থাপনা এই নির্দেশের আওতায় রয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক পিসিআর পরীক্ষায় এসব কুলিং টাওয়ারে লিজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে পরীক্ষায় পাওয়া ব্যাকটেরিয়াগুলো জীবিত ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে, শনাক্ত হওয়া কোনো কুলিং টাওয়ার থেকেই বর্তমান সংক্রমণ ছড়িয়েছে কি না, সেটিও নিশ্চিত নয়।

লিজিওনেলা সাধারণত উষ্ণ ও স্থির পানিতে বেড়ে উঠতে পারে। কুলিং টাওয়ারেও এ ধরনের পরিবেশ তৈরি হতে পারে। ব্যাকটেরিয়াযুক্ত পানির ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে লিজিওনিয়ার্স রোগ হতে পারে।

নতুন এই সংক্রমণের ঘটনা এমন সময়ে সামনে এলো, যখন চলতি গ্রীষ্মে ম্যানহাটনের আপার ইস্ট সাইডে লিজিওনিয়ার্স রোগের একটি প্রাদুর্ভাবে ১১ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সাউথ ব্রঙ্কসের আক্রান্ত এলাকায় বসবাস বা কর্মরত ব্যক্তিদের পাশাপাশি আগস্টের শেষ দিক থেকে ওই এলাকায় যাওয়া ব্যক্তিদেরও সতর্ক থাকতে হবে। কারও ফ্লুর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

স্বাস্থ্য কমিশনার ডা. অ্যালিস্টার মার্টিন রোববার আক্রান্ত এলাকা পরিদর্শন করে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি বিশেষ করে ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তি, ধূমপায়ী এবং আগে থেকেই বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন মানুষদের বেশি ঝুঁকিতে থাকার কথা জানান।

তবে স্বাস্থ্য কর্মকর্তারা বাসিন্দাদের আশ্বস্ত করে বলেছেন, সংশ্লিষ্ট এলাকায় কলের পানি পান করা, গোসল করা এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করা নিরাপদ। আলাদা নির্দেশনা না দেওয়া পর্যন্ত লিজিওনেলা শনাক্ত হওয়া ভবনগুলোর ভেতরে অবস্থান করলেও বাড়তি ঝুঁকি নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ব্যাকটেরিয়া শনাক্ত হওয়া সব কুলিং টাওয়ারের মালিককে সোমবারের মধ্যে সেগুলো পরিষ্কার ও জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে বাসিন্দাদের উদ্বেগ ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ব্রঙ্কসের মেট্রোপলিটন কলেজে জনসভা আয়োজন করবে নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ