নিউইয়র্ক নিক্সের শিরোপা উদযাপনকে ঘিরে সৃষ্ট উচ্ছৃঙ্খলতার মধ্যে একটি ট্যাক্সি ভাঙচুরের ঘটনায় এক যুবককে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। অভিযুক্ত ২১ বছর বয়সী সল ভার্গাস ফ্লোরিডার বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের তথ্য অনুযায়ী, ম্যানহাটনের ৩৬তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউ এলাকায় একটি ইয়েলো ট্যাক্সিক্যাবের উইন্ডশিল্ড ও হুড ভাঙচুর করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক নিক্সের শিরোপা উদযাপনকে ঘিরে সৃষ্ট উচ্ছৃঙ্খলতার মধ্যে একটি ট্যাক্সি ভাঙচুরের ঘটনায় এক যুবককে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। অভিযুক্ত ২১ বছর বয়সী সল ভার্গাস ফ্লোরিডার বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের তথ্য অনুযায়ী, ম্যানহাটনের ৩৬তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউ এলাকায় একটি ইয়েলো ট্যাক্সিক্যাবের উইন্ডশিল্ড ও হুড ভাঙচুর করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।
তদন্ত শেষে সল ভার্গাসকে শনাক্ত করে পুলিশ। পরে নিজের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার বিষয়টি জানতে পেরে তিনি ব্রঙ্কসের ৪২তম প্রিসিঙ্কটে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে ‘ক্রিমিনাল মিসচিফ’ অভিযোগ আনা হয়েছে।
ভাঙচুরের শিকার ট্যাক্সিচালক ৫৯ বছর বয়সী এক নিউইয়র্কবাসী। তার জীবিকার প্রধান উৎস ছিল ওই গাড়িটি। ঘটনার পর ট্যাক্সিটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্থিক সংকটে পড়েছেন তিনি।
নিউইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশনের কমিশনার মিদোরি ভালদিভিয়া বলেন, “তিনি একজন পরিশ্রমী চালক, যিনি জীবিকা নির্বাহের চেষ্টা করছিলেন। সৌভাগ্যবশত তিনি গুরুতর আহত হননি। তার সঙ্গে যা ঘটেছে তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই।”
ক্ষতিগ্রস্ত চালকের পাশে দাঁড়িয়েছে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স। এছাড়া র্যাপার ফ্রেঞ্চ মন্টানা ও কনটেন্ট নির্মাতা জ্যাকারি ডেরেনিওস্কিও তাকে সহায়তার উদ্যোগ নিয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও দুই ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
নিক্সের ঐতিহাসিক সাফল্য উদযাপনে হাজারো সমর্থক সেদিন রাস্তায় নেমে এলেও একাংশের উচ্ছৃঙ্খল আচরণ পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। বিভিন্ন স্থানে আতশবাজি ফোটানো, যানবাহনে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। তবে সাধারণ এক ট্যাক্সিচালকের গাড়ি ভাঙচুরের ঘটনাটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।
কর্তৃপক্ষ বলছে, উৎসবের আনন্দ কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ হতে পারে না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।