সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

কমিউনিটি
৩:২০ অপরাহ্ন, ১৯ জুন ২০২৬

নিউইয়র্কে মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইনকের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বসবাসরত মুন্সীগঞ্জ ও বিক্রমপুরের প্রবাসীদের অন্যতম সামাজিক সংগঠন মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইনকের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের কুইন্সের উডসাইডে অবস্থিত গুলশান টেরেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৩০০ জন প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজন প্রবাসে মুন্সীগঞ্জবাসীর এক মহামিলনমেলায় পরিণত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। […]

নিউইয়র্কে মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইনকের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে বসবাসরত মুন্সীগঞ্জ ও বিক্রমপুরের প্রবাসীদের অন্যতম সামাজিক সংগঠন মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইনকের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের কুইন্সের উডসাইডে অবস্থিত গুলশান টেরেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৩০০ জন প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজন প্রবাসে মুন্সীগঞ্জবাসীর এক মহামিলনমেলায় পরিণত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও নিজ জেলা ও শেকড়ের মানুষের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়ে উপস্থিত সদস্য ও অতিথিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানস্থল জুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম আজিজ। এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন।

মূলত বিদায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ২০২৬-২০২৯ মেয়াদের নবগঠিত ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিদায়ী কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের বিগত দিনের কার্যক্রম, অর্জন ও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান।

প্রধান অতিথির বক্তব্যে এম আজিজ বলেন, “মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি প্রবাসে বসবাসরত মুন্সীগঞ্জবাসীর একটি পারিবারিক বন্ধন। নতুন কমিটি যেকোনো ইতিবাচক উদ্যোগ গ্রহণ করলে আমি সবসময় তাদের পাশে থাকব এবং সর্বাত্মক সহযোগিতা করব। সংগঠনের অগ্রযাত্রায় আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এজন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে আরও কয়েকজন আমন্ত্রিত অতিথি বক্তব্য প্রদান করেন। তারা সংগঠনের ঐক্য, সম্প্রীতি ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, প্রবাসে এ ধরনের সংগঠনগুলো কমিউনিটির বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং নতুন প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে পরিচিত হতে সহায়তা করে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, দ্য বাংলা ভয়েস-এর সম্পাদক ও মেগা ইন্স্যুরেন্স ব্রোকারেজের স্বত্বাধিকারী জনাব রাজীব আহমেদ।

পরবর্তীতে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করানো হয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শপথ অনুষ্ঠানের সময় উপস্থিত সদস্যরা করতালির মাধ্যমে নতুন নেতৃত্বকে স্বাগত জানান।

নবনির্বাচিত সভাপতি কাজী এম আর খান সেলিম তার বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “আমাদের লক্ষ্য হবে সংগঠনকে আরও শক্তিশালী ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করা। আমরা শুধু নিউইয়র্কে নয়, মুন্সীগঞ্জের সাধারণ মানুষের কল্যাণেও কাজ করতে চাই। জেলার প্রতিটি উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের জন্য কাফনের কাপড় বিতরণের একটি মানবিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও বলেন, “আমার অন্যতম প্রধান স্বপ্ন হলো মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইনকের নিজস্ব একটি স্থায়ী ভবন বা বাড়ি প্রতিষ্ঠা করা। আমরা এমন একটি স্থায়ী ঠিকানা গড়ে তুলতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংগঠনের পরিচয় ও গৌরবের প্রতীক হয়ে থাকবে। এ লক্ষ্য বাস্তবায়নে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ রানা তপন বলেন, “সকল সদস্যকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মনোভাব নিয়ে আমরা সংগঠনের কার্যক্রম পরিচালনা করব। সদস্যদের প্রত্যাশা পূরণ এবং সংগঠনের মর্যাদা আরও বৃদ্ধি করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা নতুন কমিটির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং সংগঠনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়, স্মৃতিচারণ, ফটোসেশন এবং নৈশভোজের আয়োজন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হওয়ায় অনেকেই আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানটি প্রবাসে মুন্সীগঞ্জবাসীর মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।

প্রতিবেদন: মো. আরাফাত হোসেন রাহাত
নিউইয়র্ক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ