নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ গ্রহণের পর অভিষেক ভাষণে নতুন রাজনৈতিক অধ্যায়ের ঘোষণা দিয়েছেন জোহরান মামদানি। বছরের প্রথম দিনে পবিত্র কোরআনে হাত রেখে শপথ নেওয়ার পর সিটি হলের সামনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আজ থেকে নিউইয়র্কের জন্য শুরু হচ্ছে এক নতুন যুগ। আমরা সবাই মিলে এই শহরের এক নতুন গল্প লিখব।’ ৩৪ বছর বয়সী এই ডেমোক্রেটিক […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ গ্রহণের পর অভিষেক ভাষণে নতুন রাজনৈতিক অধ্যায়ের ঘোষণা দিয়েছেন জোহরান মামদানি। বছরের প্রথম দিনে পবিত্র কোরআনে হাত রেখে শপথ নেওয়ার পর সিটি হলের সামনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আজ থেকে নিউইয়র্কের জন্য শুরু হচ্ছে এক নতুন যুগ। আমরা সবাই মিলে এই শহরের এক নতুন গল্প লিখব।’
৩৪ বছর বয়সী এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে দায়িত্ব নেন। ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স তাঁকে শপথ পাঠ করান। শপথের মধ্য দিয়ে তিনি কেবল একটি প্রশাসনিক দায়িত্ব নয়, বরং জনগণের আস্থার প্রতিনিধিত্ব করছেন বলে মন্তব্য করেন।
অভিষেক ভাষণে মামদানি বলেন, তাঁর প্রশাসন হবে সাহসী ও জনমুখী। ধনী–দরিদ্র নির্বিশেষে সব নিউইয়র্কবাসীর জীবনমান উন্নয়নে সিটি হল কাজ করবে। তিনি বলেন, ‘মতপার্থক্যই গণতন্ত্রের সৌন্দর্য। আপনি আমাকে ভোট দিন বা না দিন—আপনি যদি নিউইয়র্কের বাসিন্দা হন, আমি আপনারই মেয়র।’
নিউইয়র্কের নানা প্রান্তের সাধারণ মানুষের জীবনের কথা তুলে ধরে মামদানি বলেন, এই শহরের প্রকৃত শক্তি তার শ্রমজীবী মানুষ, অভিবাসী পরিবার এবং নীরবে একে অপরের পাশে দাঁড়ানো প্রতিবেশীরা। বিভাজন ও বৈষম্যের রাজনীতি থেকে বেরিয়ে এসে মানবিকতা ও সংহতির ভিত্তিতে নতুন পথচলার আহ্বান জানান তিনি।
নিজের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করে মামদানি বলেন, তিনি গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবেই নির্বাচিত হয়েছেন এবং সেই আদর্শেই শাসন পরিচালনা করবেন। বাসস্থান, পরিবহন, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা খাতে কাঠামোগত পরিবর্তনের অঙ্গীকার করেন তিনি।
ভাষণের শেষাংশে মামদানি বলেন, ‘পরিবর্তনের সুযোগ খুব কমই আসে। আর সেই পরিবর্তনের চাবি যখন জনগণের হাতে থাকে, তখন দায়িত্ব আরও বড় হয়। আজ থেকে আমরা একসঙ্গে নিউইয়র্কের নতুন গল্প লিখব—একটি এমন গল্প, যেখানে কেউ বাদ পড়বে না।’