বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনরায় বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির মতে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী খাকি পোশাক পরিবর্তনের আগে আরও গভীর গবেষণা এবং জনমত যাচাই করা জরুরি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ২০০৩–০৪ সালে […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনরায় বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির মতে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী খাকি পোশাক পরিবর্তনের আগে আরও গভীর গবেষণা এবং জনমত যাচাই করা জরুরি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২০০৩–০৪ সালে তৎকালীন সরকারের গঠিত একটি কমিটি দীর্ঘ যাচাই-বাছাইয়ের মাধ্যমে পুলিশের খাকি পোশাক নির্ধারণ করে। সে সময় দেশের আবহাওয়া, পুলিশ সদস্যদের গায়ের রং, দিন ও রাতের ডিউটিতে সহজে শনাক্ত হওয়ার সুবিধা এবং অন্যান্য বাহিনীর পোশাকের সঙ্গে সাদৃশ্য এড়ানোর বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছিল।
সংগঠনটির দাবি, বর্তমান অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে প্রণীত নতুন পোশাকে এসব বাস্তব দিক যথাযথভাবে প্রতিফলিত হয়নি। ফলে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের দ্রুত শনাক্ত করা কঠিন হয়ে পড়তে পারে। বিশেষ করে নতুন পোশাকের সঙ্গে কয়েকটি সংস্থার ইউনিফর্মের মিল থাকায় বিভ্রান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সব পুলিশ সদস্য ঐতিহ্যবাহী খাকি পোশাক পরিহিত অবস্থায় দায়িত্ব পালন করেছেন। ওই নির্বাচনে পুলিশের পেশাদারিত্ব দেশি-বিদেশি পর্যবেক্ষকদের প্রশংসা কুড়িয়েছে। সংগঠনটির মতে, এই পোশাক কেবল একটি ইউনিফর্ম নয়; এটি বাহিনীর শৃঙ্খলা, ঐতিহ্য ও পেশাদারিত্বের প্রতীক।
এছাড়া পোশাক পরিবর্তনের বিষয়টি একটি বড় ও ব্যয়বহুল প্রক্রিয়া উল্লেখ করে বলা হয়, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বিপুল অর্থ ব্যয় করে নতুন ইউনিফর্ম তৈরির পরিবর্তে সেই অর্থ বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ, লজিস্টিক সহায়তা বৃদ্ধি এবং সদস্যদের প্রশিক্ষণ ও মনোবল উন্নয়নে ব্যয় করাই অধিক যৌক্তিক হবে।
বিবৃতির শেষাংশে সরকারের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলা হয়, পুলিশ সদস্যদের আবেগ, বাস্তব প্রয়োজন ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। একই সঙ্গে আরও গবেষণা ও জনমত যাচাইয়ের ভিত্তিতে সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়েছে।