ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম ভালো, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। তিনি বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের ফলাফল কেন্দ্রে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম ভালো, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। তিনি বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের ফলাফল কেন্দ্রে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি। তিনি জানান, কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি থাকলেও সামগ্রিকভাবে নির্বাচন উচ্চ মানদণ্ডে অনুষ্ঠিত হয়েছে। গণভোটসহ বিশাল এই ভোট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে প্রায় ১৭ লাখ কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেছেন।
সিইসি স্পষ্ট করে বলেন, কোনো বেসরকারি বা অপ্রমাণিত ফলাফল নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরিত এবং আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত ফলাফলই প্রকাশ করা হবে।
ভোট গণনায় সময় লাগার বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, এবারের নির্বাচনের সঙ্গে গণভোট এবং পোস্টাল ব্যালট যুক্ত থাকায় ফলাফল চূড়ান্ত করতে স্বাভাবিকভাবেই কিছুটা সময় প্রয়োজন হচ্ছে। তবে এই সময়ক্ষেপণের সুযোগ নিয়ে কোনো ধরনের কারসাজি বা অনিয়মের আশঙ্কা নেই বলে তিনি আশ্বাস দেন।
নাসিরউদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশন কোনো গোপনীয়তায় বিশ্বাস করে না। গণমাধ্যমের মাধ্যমেই সারাদেশের মানুষের সামনে নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল সম্পূর্ণ স্বচ্ছভাবে তুলে ধরতে কমিশন অঙ্গীকারবদ্ধ।
তিনি দাবি করেন, অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচন যেকোনো মানদণ্ডে অধিক গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আস্থাযোগ্য হিসেবে বিবেচিত হবে।