ফিলিস্তিনি বন্দিদের পালানোর ঝুঁকি কমাতে কুমিরবেষ্টিত একটি বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। এ পরিকল্পনার অংশ হিসেবে নীল নদের কুমিরের সংরক্ষিত প্রাণীর মর্যাদা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট (Ynet)। প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (১৫ জুলাই) ইসরায়েলের পরিবেশমন্ত্রী ইদিত সিলম্যান একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে নীল নদের কুমিরকে নতুন একটি আইনি […]
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি বন্দিদের পালানোর ঝুঁকি কমাতে কুমিরবেষ্টিত একটি বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। এ পরিকল্পনার অংশ হিসেবে নীল নদের কুমিরের সংরক্ষিত প্রাণীর মর্যাদা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট (Ynet)।
প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (১৫ জুলাই) ইসরায়েলের পরিবেশমন্ত্রী ইদিত সিলম্যান একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে নীল নদের কুমিরকে নতুন একটি আইনি শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে রাষ্ট্র নিরাপত্তা বা বিশেষ সরকারি প্রয়োজনে এসব প্রাণী নিজেদের হেফাজতে রাখার আইনি সুযোগ পাবে।
ইসরায়েলি গণমাধ্যমের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য হলো ভবিষ্যতে কুমিরবেষ্টিত একটি উচ্চনিরাপত্তার বন্দিশালা নির্মাণের পথ সুগম করা, যেখানে বিশেষ করে ফিলিস্তিনি বন্দিদের রাখা হতে পারে।
এই পরিকল্পনার পক্ষে গত কয়েক মাস ধরে প্রকাশ্যে অবস্থান নিয়ে আসছিলেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি কারাগারের নিরাপত্তা জোরদারে কঠোর ব্যবস্থা গ্রহণের পক্ষে বিভিন্ন সময় মত দিয়েছেন।
তবে পরিকল্পনাটি ইতোমধ্যেই প্রাণী অধিকার ও পরিবেশবাদী সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়েছে। তাদের দাবি, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কুমিরের মতো বন্য প্রাণী ব্যবহার করা প্রাণী কল্যাণের নীতির পরিপন্থী এবং সংরক্ষণ নীতির সঙ্গেও সাংঘর্ষিক।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ইসরায়েলে নীল নদের কুমির সংরক্ষিত প্রাণী হিসেবে তালিকাভুক্ত ছিল। নতুন অধ্যাদেশের ফলে সেই আইনি সুরক্ষায় পরিবর্তন এসেছে, যা ভবিষ্যতে সরকারি নিরাপত্তা প্রকল্পে এসব প্রাণী ব্যবহারের সুযোগ তৈরি করতে পারে।
তবে পরিকল্পনাটি এখনো বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি এবং কুমিরবেষ্টিত কারাগার নির্মাণের বিষয়ে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করেনি।
সূত্র: ওয়াইনেট