বিদায়ী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সামগ্রিক রপ্তানি ও রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। মাসটিতে রপ্তানি আয় কমেছে প্রায় ১২ শতাংশ। এর প্রভাবে চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে মোট রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ হ্রাস পেয়েছে। সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইপিবির হিসাবে বলা […]
ছবি: সংগৃহীত
বিদায়ী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সামগ্রিক রপ্তানি ও রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। মাসটিতে রপ্তানি আয় কমেছে প্রায় ১২ শতাংশ। এর প্রভাবে চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে মোট রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ হ্রাস পেয়েছে।
সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইপিবির হিসাবে বলা হয়েছে, বন্দর কার্যক্রমে ব্যাঘাত, জাতীয় নির্বাচনকে ঘিরে অস্থিরতা এবং বৈশ্বিক প্রধান বাজারগুলোতে চাহিদা কমে যাওয়ায় সামগ্রিক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে দেশের মোট পণ্য রপ্তানি দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯১ বিলিয়ন মার্কিন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩২ দশমিক ৯২ বিলিয়ন ডলার। ফলে সার্বিক রপ্তানিতে কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ।
এই সময়ে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক থেকে আয় হয়েছে ২৫ দশমিক ৭৯৬ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। পোশাক খাতের মধ্যে নিটওয়্যার তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও ওভেন পোশাকে কিছুটা দুর্বলতা দেখা গেছে।
তবে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য এবং হিমায়িত মাছসহ কয়েকটি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে ইপিবি।
রপ্তানি বাজার বিবেচনায় যুক্তরাষ্ট্র এখনও বাংলাদেশের সবচেয়ে বড় গন্তব্য। চলতি অর্থবছরের প্রথম আট মাসে দেশটিতে রপ্তানি হয়েছে ৫ হাজার ৮৭৪ দশমিক ১৩ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ০ দশমিক ৭৪ শতাংশ বেশি। একই সময়ে চীনে রপ্তানি বেড়েছে ১৯ দশমিক ১২ শতাংশ।