সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
১:৩৬ অপরাহ্ন, ৮ জুন ২০২৬

ফের তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ সারাদেশ

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আর ভ্যাপসা গরমে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার আবহাওয়া তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় দেশের […]

ফের তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ সারাদেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আর ভ্যাপসা গরমে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার আবহাওয়া তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় দেশের প্রায় সব অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া পাবনার ঈশ্বরদীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি, খুলনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি এবং চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের আরও বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি অবস্থান করেছে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। সোমবার সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে সামগ্রিকভাবে বৃষ্টিপাতের প্রবণতা এখনো সীমিত রয়েছে।

সোমবার সিলেটে সর্বোচ্চ ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত ছিল খুবই কম। রাজধানী ঢাকায় এদিন কোনো বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, মঙ্গলবার তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরম থেকে খুব বেশি স্বস্তি মিলবে না। কারণ বর্তমানে দক্ষিণ দিক থেকে আসা আর্দ্র বাতাসের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি।

অন্যদিকে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছেন, চট্টগ্রাম অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাব শুরু হলেও তা এখনো সারাদেশে বিস্তৃত হয়নি। তার মতে, মৌসুমি বায়ু পুরো দেশে ছড়িয়ে পড়তে মধ্য জুন পর্যন্ত সময় লাগতে পারে।

তিনি বলেন, আগামী ১২ বা ১৩ জুনের পর থেকে বর্ষাকালের বৃষ্টির প্রকৃত আমেজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় না হওয়া পর্যন্ত দেশের মানুষকে আরও কয়েকদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই থাকতে হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ