বাংলাদেশ ব্যাংক এবার নতুন নকশা ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যসহ পাঁচশ টাকার নোট বাজারে ছাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নতুন নোট আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে প্রচলনে আসবে বলে আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন নোট ইস্যু করা হবে এবং পরে অন্যান্য শাখাতেও […]
বাংলাদেশ ব্যাংক এবার নতুন নকশা ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যসহ পাঁচশ টাকার নোট বাজারে ছাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নতুন নোট আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে প্রচলনে আসবে বলে আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন নোট ইস্যু করা হবে এবং পরে অন্যান্য শাখাতেও সরবরাহ করা হবে।
নতুন ৫০০ টাকার নোটের দৈর্ঘ্য ১৫২ মিলিমিটার এবং প্রস্থ ৬৫ মিলিমিটার। নোটের সামনের অংশে বামদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা রয়েছে। পেছনে মুদ্রিত আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি। নোটটির মূল রঙে সবুজের উপস্থিতি বেশি।
জলছাপ হিসেবে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, তার নিচে ইলেকট্রোটাইপ জলছাপে মূল্যমান ‘৫০০’ এবং ‘বাংলাদেশ ব্যাংক’-এর মনোগ্রাম।
নতুন নোটে মোট ১০ ধরনের নিরাপত্তা উপাদান সংযোজন করা হয়েছে।
নোটের বিভিন্ন অংশ ইন্টাগ্লিও কালিতে মুদ্রিত হওয়ায় আঙুলের স্পর্শে উঁচু অনুভূত হবে। এর মধ্যে রয়েছে শহীদ মিনারের ছবি, মূল্যমান, ‘বাংলাদেশ ব্যাংক’ লেখা, প্রতিশ্রুত বাক্য, ছয়টি আড়াআড়ি লাইনসহ অন্যান্য উপাদান।
নোটে অনেক স্থানে Microprint হিসেবে বারবার ‘BANGLADESH BANK’ লেখা রয়েছে, যা ম্যাগনিফাইং গ্লাস ছাড়া দেখা যায় না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নতুন নকশার নোট চালুর পাশাপাশি বর্তমানে ব্যবহৃত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই কার্যকর থাকবে।