ক্রমাগত বাড়তে থাকা বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়ের চাপ থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে নতুন আর্থিক সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য সরকার। নতুন বাজেট পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১ বিলিয়ন ডলারের তহবিল বরাদ্দ করা হয়েছে, যার আওতায় যোগ্য বাসিন্দাদের এককালীন রিবেট চেক দেওয়া হবে। রাজ্য প্রশাসনের ঘোষিত এই কর্মসূচির নাম রাখা হয়েছে “প্রটেক্টিং […]
ছবি: সংগৃহীত
ক্রমাগত বাড়তে থাকা বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়ের চাপ থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে নতুন আর্থিক সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য সরকার। নতুন বাজেট পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১ বিলিয়ন ডলারের তহবিল বরাদ্দ করা হয়েছে, যার আওতায় যোগ্য বাসিন্দাদের এককালীন রিবেট চেক দেওয়া হবে।
রাজ্য প্রশাসনের ঘোষিত এই কর্মসূচির নাম রাখা হয়েছে “প্রটেক্টিং আওয়ার ওয়ালেটস এনার্জি রিবেট”। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্থ পেতে বাসিন্দাদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না। যোগ্য ব্যক্তিদের কাছে স্বয়ংক্রিয়ভাবে ডাকযোগে রিবেট চেক পাঠিয়ে দেওয়া হবে।
সরকার জানিয়েছে, জ্বালানি ও বিদ্যুতের উচ্চমূল্যের কারণে নিউইয়র্কের বহু পরিবার আর্থিক চাপে রয়েছে। বিশেষ করে শীত ও গ্রীষ্ম মৌসুমে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে পরিবারের মাসিক ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। সেই চাপ কমাতেই এই বিশেষ সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে।
রিবেটের পরিমাণ নির্ধারণ করা হয়েছে করদাতাদের আয়ের ভিত্তিতে। যৌথভাবে কর দাখিল করা দম্পতিদের বার্ষিক আয় যদি ১ লাখ ৫০ হাজার ডলারের কম হয়, তাহলে তারা ২০০ ডলার রিবেট পাবেন। আর যাদের আয় ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ডলারের মধ্যে, তারা পাবেন ১৫০ ডলার।
অন্যদিকে এককভাবে কর দাখিলকারীদের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত অনুযায়ী রিবেট দেওয়া হবে। যোগ্য একক করদাতারা ১০০ ডলার পর্যন্ত সহায়তা পাবেন বলে জানিয়েছে প্রশাসন।
এই সুবিধা পাওয়ার জন্য কয়েকটি শর্তও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো—সুবিধাভোগীকে ২০২৪ করবর্ষে নিউইয়র্কের পূর্ণকালীন বাসিন্দা হতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে এবং নির্ধারিত আয়ের সীমার মধ্যে থাকতে হবে।
এ ছাড়া, যেসব ব্যক্তি অন্য কারও ট্যাক্স রিটার্নে নির্ভরশীল (ডিপেনডেন্ট) হিসেবে তালিকাভুক্ত থাকবেন, তারা এই রিবেট সুবিধার আওতায় আসবেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউইয়র্ক রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে এই রিবেট চেক পাঠানো শুরু হবে। ডাক বিভাগের মাধ্যমে সরাসরি বাসিন্দাদের ঠিকানায় চেক পৌঁছে দেওয়া হবে।
রাজ্য প্রশাসনের দাবি, এই উদ্যোগের মাধ্যমে লাখো পরিবার সরাসরি উপকৃত হবে এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপ কিছুটা হলেও কমবে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে সাধারণ মানুষের ব্যয় বেড়ে যাওয়ায় এ ধরনের সহায়তা কর্মসূচি রাজনৈতিক ও অর্থনৈতিক—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।