বিশ্বজুড়ে ক্যানসার চিকিৎসায় উল্লেখযোগ্য বৈজ্ঞানিক অগ্রগতি হলেও কোটি কোটি মানুষের জন্য এই রোগ এখনো বড় স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট হয়ে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা ও পরিচর্যায় বৈষম্য কমানো না গেলে আগামী কয়েক দশকে ক্যানসারের বোঝা আরও বেড়ে যাবে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, প্রতি পাঁচজন মানুষের একজন […]
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে ক্যানসার চিকিৎসায় উল্লেখযোগ্য বৈজ্ঞানিক অগ্রগতি হলেও কোটি কোটি মানুষের জন্য এই রোগ এখনো বড় স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট হয়ে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা ও পরিচর্যায় বৈষম্য কমানো না গেলে আগামী কয়েক দশকে ক্যানসারের বোঝা আরও বেড়ে যাবে।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, প্রতি পাঁচজন মানুষের একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে ক্যানসারে আক্রান্ত হবেন। এছাড়া বিশ্বের প্রায় ৯২ শতাংশ মানুষ নিজের বা পরিবারের কোনো সদস্যের মাধ্যমে ক্যানসারের প্রভাবের মুখোমুখি হবেন।
ডব্লিউএইচওর ক্যানসার নিয়ন্ত্রণ বিভাগের প্রধান ডা. আন্দ্রে ইলবাউই বলেন, ক্যানসার চিকিৎসায় নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে আশার সৃষ্টি হলেও সেটিই পুরো বাস্তবতা নয়। বিশ্বের বিপুলসংখ্যক রোগী এখনো প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা থেকে বঞ্চিত হচ্ছেন।
চলতি বছরের বৈশ্বিক ক্যানসার পরিস্থিতি প্রতিবেদনে ডব্লিউএইচও জানিয়েছে, বর্তমানে বিশ্বে প্রতি বছর প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হন এবং প্রায় ১ কোটি মানুষের মৃত্যু হয়। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে নতুন রোগীর সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ৩ কোটিতে পৌঁছাতে পারে।
প্রতিবেদনে ধনী ও দরিদ্র দেশের মধ্যে চিকিৎসা বৈষম্যের চিত্রও তুলে ধরা হয়েছে। উচ্চ আয়ের দেশগুলোতে স্তন ক্যানসার বা শিশুদের ক্যানসারে আক্রান্ত প্রায় ৮৫ শতাংশ রোগী অন্তত পাঁচ বছর বেঁচে থাকলেও নিম্ন আয়ের দেশগুলোতে এ হার ৩০ শতাংশেরও কম।
ডব্লিউএইচও জানায়, নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে অগ্রাধিকারভুক্ত ২০টি ক্যানসার ওষুধের মধ্যে মাত্র ৯ থেকে ৫৪ শতাংশ সহজলভ্য। বিপরীতে উচ্চ আয়ের দেশগুলোতে এ হার ৬৮ থেকে ৯৪ শতাংশ। এছাড়া বিশ্বের ২৩টি দেশে এখনো রেডিওথেরাপির কোনো সুবিধা নেই।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাব-সাহারান আফ্রিকায় ক্যানসার শনাক্তের হার তুলনামূলক কম হলেও সেখানে মৃত্যুহার অনেক বেশি। একই সঙ্গে বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ দেশে সর্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় ক্যানসার চিকিৎসা পুরোপুরি অন্তর্ভুক্ত নয়। অনেক দেশে চিকিৎসার উচ্চ ব্যয়ের কারণে ৯০ শতাংশ পর্যন্ত রোগী মাঝপথেই চিকিৎসা বন্ধ করতে বাধ্য হন।
রোগী ও তাদের পরিবারের ওপর পরিচালিত এক বৈশ্বিক জরিপে আর্থিক সংকট, মানসিক চাপ এবং পরিচর্যাকারীদের ওপর অতিরিক্ত চাপের বিষয়টিও উঠে এসেছে।
নাইজেরিয়ার স্তন ক্যানসারজয়ী ও রোগী অধিকারকর্মী অ্যাবিগেইল সাইমন-হার্ট বলেন, অনেক পরিবারকে সন্তানের পড়াশোনা এবং ক্যানসার চিকিৎসার মধ্যে একটি বেছে নিতে হচ্ছে। আবার অনেক রোগী সামাজিক কুসংস্কারের কারণে জীবনরক্ষাকারী অস্ত্রোপচার করাতেও অনীহা দেখান।
তবে প্রতিবেদনে কিছু ইতিবাচক অগ্রগতির কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জরায়ুমুখ ক্যানসার নির্মূলের সম্ভাবনা, তামাক ব্যবহারের হার কমে আসা এবং বিভিন্ন দেশে জাতীয় ক্যানসার নিয়ন্ত্রণ কর্মসূচি চালু হওয়া।
আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থার (আইএআরসি) নজরদারি ইউনিটের উপপ্রধান ডা. ইসাবেল সোয়েরজোমাতারাম বলেন, নতুন ক্যানসারের প্রায় ৪০ শতাংশ এমন ঝুঁকির সঙ্গে সম্পর্কিত, যেগুলো প্রতিরোধ করা সম্ভব। তামাক ব্যবহার, বিভিন্ন সংক্রমণ, অ্যালকোহল সেবন এবং অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক ক্যানসার প্রতিরোধ করা যেতে পারে।
ডব্লিউএইচও বিশ্বজুড়ে সরকারগুলোর প্রতি ক্যানসার প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং রোগী পরিচর্যায় আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে চিকিৎসার পাশাপাশি রোগীদের দীর্ঘমেয়াদি পরিচর্যা ও পুনর্বাসন ব্যবস্থাকেও সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছে সংস্থাটি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান