মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। ইরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর যৌথ হামলার পর পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা এবং জ্বালানি স্থাপনাগুলোতে পাল্টাপাল্টি হামলার কারণে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশের তেল ও গ্যাস অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ায় সরবরাহ […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। ইরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর যৌথ হামলার পর পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে।
বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা এবং জ্বালানি স্থাপনাগুলোতে পাল্টাপাল্টি হামলার কারণে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশের তেল ও গ্যাস অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যায়, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে প্রাকৃতিক গ্যাসের দামও প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে জ্বালানি তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে।
তেলবাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটস-এর প্রতিষ্ঠাতা বন্দনা হারি বলেন, মধ্যপ্রাচ্যের বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত ওমান ও দুবাই ক্রুড ইতোমধ্যেই ব্যারেলপ্রতি ১৫০ ডলার অতিক্রম করেছে। তার মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও ২০০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, আগামী দিনে তেলের দামের গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করবে হরমুজ প্রণালির পরিস্থিতির ওপর—বিশেষ করে এটি কতদিন বন্ধ বা সীমিত থাকে তার ওপর।