আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা তারিক রাউফ সতর্ক করে বলেছেন, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে তা চেরনোবিল বা হিরোশিমার মতো ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে। সাম্প্রতিক সময়ে কেন্দ্রটির খুব কাছাকাছি হামলার প্রমাণও মিলেছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বুশেহরের মতো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো নির্দিষ্ট মাত্রার আঘাত সহ্য করার […]
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা তারিক রাউফ সতর্ক করে বলেছেন, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে তা চেরনোবিল বা হিরোশিমার মতো ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে। সাম্প্রতিক সময়ে কেন্দ্রটির খুব কাছাকাছি হামলার প্রমাণও মিলেছে।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বুশেহরের মতো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো নির্দিষ্ট মাত্রার আঘাত সহ্য করার মতো করে নকশা করা হলেও বাস্তবে যুদ্ধ পরিস্থিতিতে কী ঘটতে পারে, তা নিশ্চিতভাবে বলা যায় না।
তিনি সতর্ক করেন, উপসাগরীয় অঞ্চলে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়লে তার প্রভাব বহু বছর স্থায়ী হতে পারে। এতে লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলো অকার্যকর হয়ে যেতে পারে, মাছের জোগান বন্ধ হতে পারে এবং শত শত কিলোমিটার এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে।
তারিক রাউফ আরও বলেন, তেজস্ক্রিয়তার সংস্পর্শে এলে মানুষের শরীরে ফোসকা, অজ্ঞান হয়ে যাওয়া, রক্তক্ষরণ এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের মতো জটিলতা দেখা দিতে পারে। তার মতে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এমন একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আজ না হোক কাল কোনো পথভ্রষ্ট ড্রোন বা ক্ষেপণাস্ত্র রিয়্যাক্টরের কাছাকাছি আঘাত হানতে পারে, যা পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে। ইতোমধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, একটি হামলা কেন্দ্রটির সীমানা থেকে মাত্র ৭৫ মিটার দূরে আঘাত হেনেছে।