নিউইয়র্ক সিটির বাড়তে থাকা আবাসন ব্যয় ও ভাড়া সংকট নিয়ে ব্রঙ্কসের তরুণ ও শিক্ষার্থীদের তীব্র ক্ষোভের মুখোমুখি হয়েছেন মেয়র জোহরান মামদানি। শহরের নতুন মেয়রের উপস্থিতিতে আয়োজিত এক গণশুনানিতে অংশগ্রহণকারীরা উচ্চ ভাড়া, বাসস্থান সংকট ও জীবনযাত্রার ব্যয় নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। গত ২৮ মে ব্রঙ্কসের হোসটোস কমিউনিটি কলেজের রেপার্টরি থিয়েটারে এই বিশেষ গণশুনানি অনুষ্ঠিত হয়। […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির বাড়তে থাকা আবাসন ব্যয় ও ভাড়া সংকট নিয়ে ব্রঙ্কসের তরুণ ও শিক্ষার্থীদের তীব্র ক্ষোভের মুখোমুখি হয়েছেন মেয়র জোহরান মামদানি। শহরের নতুন মেয়রের উপস্থিতিতে আয়োজিত এক গণশুনানিতে অংশগ্রহণকারীরা উচ্চ ভাড়া, বাসস্থান সংকট ও জীবনযাত্রার ব্যয় নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
গত ২৮ মে ব্রঙ্কসের হোসটোস কমিউনিটি কলেজের রেপার্টরি থিয়েটারে এই বিশেষ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, ভাড়াটে, অধিকারকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। অনুষ্ঠানের আয়োজন করে অর্থনৈতিক ন্যায়বিচার ও নাগরিক অধিকারভিত্তিক সংগঠন ‘মোর পারফেক্ট ইউনিয়ন’-এর শিক্ষা বিভাগ ‘মোর পারফেক্ট ইউনিভার্সিটি’ এবং মেয়রের কার্যালয়।
“স্টুডেন্টস রেন্টাল রিপঅফ হিয়ারিং” শীর্ষক এই আয়োজনে বক্তারা আবাসন সংকট, উচ্ছেদের ঝুঁকি, অনিরাপদ বাসস্থান এবং অতিরিক্ত জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অনেক শিক্ষার্থীর মাথায় ছিল হলুদ-লাল রঙের ক্যাপ, যেখানে লেখা ছিল— “দি রেন্ট ইজ টু ড্যাম হাই”।
সাউথ ব্রঙ্কসের এক কলেজ শিক্ষার্থী ও ভাড়াটে সংগঠক বলেন, ভাড়া বৃদ্ধির কারণে তার পরিবার পরিচিত এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ‘সিইউএনডব্লিউ কেয়ার্স’-এর লিড অ্যাডভোকেট ব্রিটানি লাঞ্জানো বলেন, “ব্রঙ্কসে একটি অ্যাপার্টমেন্টের ভাড়া ২৫০০ ডলারে পৌঁছানোর পর চার বছর আগে তিনি কুইন্সে চলে যান, যেখানে ভাড়া প্রায় এক হাজার ডলার কম ছিল।”
ন্যাশনাল ক্লিন ওয়াটার কালেক্টিভ ইয়ুথ কাউন্সিলের এক শিক্ষক প্রশ্ন তোলেন, “সিটির ইতিহাসে সর্বোচ্চ ভাড়া পরিশোধের পরও কেন নিরাপদ পানির মতো মৌলিক সেবা নিশ্চিত করা যাচ্ছে না।”
গণশুনানির দুই দিন আগে মেয়র মামদানি তার প্রশাসনের নতুন আবাসন পরিকল্পনা “ব্লক বাই ব্লক: দ্য হাউজিং প্ল্যান ফর আ নিউ এরা” ঘোষণা করেন। শুনানিতে তিনি পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে ২২ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে ২ লাখ সাশ্রয়ী ও স্থায়ী রেন্ট-স্ট্যাবিলাইজড আবাসন নির্মাণ এবং আরও ২ লাখ আবাসন সংরক্ষণের লক্ষ্য নেওয়া হয়েছে।
এছাড়া ভাড়াটেদের অধিকার আরও শক্তিশালী করতে ‘টেন্যান্ট ইউনিয়ন’ কাঠামো জোরদারের কথাও জানান মেয়র। তিনি বলেন, কোনো ভবনের অধিকাংশ ভাড়াটে সংগঠিত হলে সিটি কর্তৃপক্ষ সমন্বিতভাবে সেখানে পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
অসৎ বাড়িওয়ালাদের বিরুদ্ধে “ফিক্স দ্য সিটি” নামে নতুন উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। এ কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে ৬৫ মিলিয়ন ডলার জরিমানা আদায় হয়েছে বলে জানান মেয়র।
তিনি বলেন, “শহরের প্রশাসন এখন ভাড়াটেদের বৃহৎ অংশকে অবহেলার চোখে দেখবে না এবং আবাসন সংকট সমাধানে কাঠামোগত পরিবর্তন আনা হবে।”
আবাসনের মান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, সংকট শুধু বাড়তি ভাড়ার নয়, অনেক ক্ষেত্রে জরাজীর্ণ ও অনিরাপদ বাসস্থানেরও। এ সমস্যা মোকাবিলায় পরিদর্শন ব্যবস্থা জোরদার এবং নিয়ম ভঙ্গকারী বাড়িওয়ালাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, “গুরুতর অনিয়মকারী মালিকদের সম্পত্তি প্রয়োজনে অলাভজনক সংস্থা বা ভাড়াটেদের নিয়ন্ত্রণে হস্তান্তরের আইনি প্রক্রিয়া সহজ করা হবে।”
আগামী ৮ জুন একই ভেন্যুতে নিউইয়র্ক সিটি রেন্ট গাইডলাইনস বোর্ডের বার্ষিক ব্রঙ্কস পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ভাড়ার হার ও আবাসন পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ মতামত দিতে পারবেন।