ভারতের ঐতিহাসিক স্থাপনা তাজমহলকে ঘিরে আবারও নতুন করে আইনি ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তাজমহলের নিচে কোনো প্রাচীন হিন্দু মন্দিরের অস্তিত্ব রয়েছে কি না, তা যাচাই করতে জরিপের আবেদন নিয়ে কেন্দ্রীয় সরকার ও ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগকে (এএসআই) নোটিশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আইনজীবী হরিশঙ্কর জৈনের নেতৃত্বে আবেদনকারী পক্ষের দাবি, তাজমহল মূলত মোগল সম্রাট শাহজাহানের নির্মিত […]
ছবি: সংগৃহীত
ভারতের ঐতিহাসিক স্থাপনা তাজমহলকে ঘিরে আবারও নতুন করে আইনি ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তাজমহলের নিচে কোনো প্রাচীন হিন্দু মন্দিরের অস্তিত্ব রয়েছে কি না, তা যাচাই করতে জরিপের আবেদন নিয়ে কেন্দ্রীয় সরকার ও ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগকে (এএসআই) নোটিশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
আইনজীবী হরিশঙ্কর জৈনের নেতৃত্বে আবেদনকারী পক্ষের দাবি, তাজমহল মূলত মোগল সম্রাট শাহজাহানের নির্মিত সমাধিসৌধ নয়; এটি প্রাচীন হিন্দু মন্দির ‘তেজো মহালয়া’। তাদের ভাষ্য, রাজা পরমর্দি দেব ১১৫৫-৫৬ খ্রিষ্টাব্দে ভগবান মহাদেবের উদ্দেশ্যে এই স্থাপনাটি নির্মাণ করেছিলেন এবং পরবর্তীকালে মোগলরা সেটিকে নিজেদের দখলে নিয়ে বর্তমান তাজমহলে রূপান্তর করে।
বিচারপতি রোহিতরঞ্জন আগরওয়ালের বেঞ্চে শুনানির সময় আবেদনকারীরা আদালতের কাছে তাজমহল প্রাঙ্গণে হিন্দুদের পূজার অনুমতি দেওয়ার পাশাপাশি পুরো স্থাপনাটির প্রত্নতাত্ত্বিক জরিপ পরিচালনার জন্য আদালত-নিযুক্ত কমিশনার নিয়োগের আবেদন জানান।
এর আগে আগ্রার একটি নিম্ন আদালত প্রয়োজনীয় নথিপত্রের অভাব দেখিয়ে একই ধরনের আবেদন খারিজ করে দিয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই এবার এলাহাবাদ হাইকোর্টে নতুন আবেদন করা হয়েছে।
আবেদনকারী পক্ষের দাবি, তাদের কাছে ১০৯টি প্রত্নতাত্ত্বিক প্রমাণ রয়েছে, যা তাজমহলকে একটি প্রাচীন হিন্দু মন্দির হিসেবে চিহ্নিত করার পক্ষে সহায়ক হতে পারে। একই সঙ্গে তাজমহলে নামাজ আদায়ের অনুমতি এবং স্থাপনাটির কিছু অংশ দীর্ঘদিন ধরে তালাবদ্ধ রাখার বিষয়টিও আবেদনে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
অন্যদিকে ইতিহাসবিদদের প্রচলিত মত অনুযায়ী, তাজমহল ১৬৩১ থেকে ১৬৫৩ সালের মধ্যে মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়ও রয়েছে এই স্থাপনাটি।
ভারতে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায়ের পর থেকে বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনার আদি পরিচয় নিয়ে একের পর এক মামলা সামনে এসেছে। পর্যবেক্ষকদের মতে, তাজমহলকে ঘিরে এই নতুন আইনি উদ্যোগ সেই ধারাবাহিকতারই অংশ।
আবেদনকারীরা আদালতের অনুমতি নিয়ে তাজমহলের ভেতরে ছবি ও ভিডিও ধারণ, নথিপত্র সংগ্রহ এবং প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের মাধ্যমে এটি ‘হিন্দু মন্দির’ কি না, তা যাচাই করতে চান।
এখন কেন্দ্রীয় সরকার এবং ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের জবাবের অপেক্ষায় রয়েছে এলাহাবাদ হাইকোর্ট। বিশেষজ্ঞদের মতে, এই মামলার ভবিষ্যৎ রায় শুধু তাজমহলকে ঘিরে চলমান বিতর্কই নয়, ভারতের ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এবং ধর্মীয় দাবি-সংক্রান্ত ভবিষ্যৎ আইনি প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া