ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভয়াবহ বন্যার মধ্যে একটি এলপিজি বটলিং প্ল্যান্ট থেকে প্রায় তিন হাজার গ্যাস সিলিন্ডার নদীর স্রোতে ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘিরে এলাকায় নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। বুধবার (৯ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টে টানা ভারি বর্ষণের কারণে সুরক্ষা দেয়াল ভেঙে পড়ে। […]
ছবি: সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভয়াবহ বন্যার মধ্যে একটি এলপিজি বটলিং প্ল্যান্ট থেকে প্রায় তিন হাজার গ্যাস সিলিন্ডার নদীর স্রোতে ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘিরে এলাকায় নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।
বুধবার (৯ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টে টানা ভারি বর্ষণের কারণে সুরক্ষা দেয়াল ভেঙে পড়ে। এতে বন্যার পানি সরাসরি প্ল্যান্টে ঢুকে পড়ে এবং সেখান থেকে বিপুলসংখ্যক গ্যাস সিলিন্ডার পাতালগঙ্গা নদী ও খারপাদা খাঁড়ির দিকে ভেসে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নদীর প্রবল স্রোতে শত শত সিলিন্ডার ভেসে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা সেতুর ওপর দাঁড়িয়ে সেই দৃশ্য ধারণ করেন।
রায়গড়ের জেলা প্রশাসক কিশান জাভলে জানিয়েছেন, ভেসে যাওয়া কিছু সিলিন্ডারে এখনও গ্যাস থাকতে পারে। ফলে এগুলো জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নদী বা আশপাশের এলাকায় কোনো সিলিন্ডার পাওয়া গেলে তা যেন দ্রুত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সিলিন্ডার জমা দেওয়ার জন্য এইচপিসিএল কার্যালয়, অনুমোদিত ডিলার, তহসিল অফিস এবং উপবিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে ব্যবস্থা রাখা হয়েছে।
“কৌতূহলবশত কোনো সিলিন্ডার সংগ্রহ করা, বাড়িতে নিয়ে যাওয়া বা ব্যবহার করার চেষ্টা করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে,” বলেন জেলা প্রশাসক।
গত এক সপ্তাহ ধরে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রায়গড় জেলায় বহু এলাকা প্লাবিত হয়েছে এবং নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয়দের অপ্রয়োজনে নদীর কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি