উত্তর ভেনেজুয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বেড়েছে। দেশটির সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ২ হাজার ৬৪৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জন, আর ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এক হালনাগাদ বিবৃতিতে জানায়, […]
ছবি: সংগৃহীত
উত্তর ভেনেজুয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বেড়েছে। দেশটির সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ২ হাজার ৬৪৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জন, আর ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার (৩ জুলাই) ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এক হালনাগাদ বিবৃতিতে জানায়, দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকর্মীরা দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
সরকার জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৮৬ হাজারের বেশি পরিবারকে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সরবরাহ করা হয়েছে। পাশাপাশি দুর্গত মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রও চালু করা হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, এই ভূমিকম্পে ৮৮৫টি ভবন বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে, যা দুর্যোগের ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে। আবাসিক ভবনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ও বাণিজ্যিক ভবনও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তাও অব্যাহত রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৩ হাজার ৩০০-এর বেশি উদ্ধারকর্মী বর্তমানে দুর্গত এলাকায় কাজ করছেন। এছাড়া উদ্ধার অভিযান, চিকিৎসাসেবা এবং ত্রাণ বিতরণ জোরদার করতে প্রায় ৩০ হাজার কর্মী মোতায়েন করেছে কারাকাস প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়ায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে ৭.৫ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে এলাকার দক্ষিণ-পূর্বে এবং ৭.২ মাত্রার কম্পনের কেন্দ্র ছিল সান ফিলিপ শহরের উত্তর-পূর্বাঞ্চলে।
মূল ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৮৯০টি আফটারশক (পরাঘাত) রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসব পরাঘাতের কারণে ক্ষতিগ্রস্ত ভবনগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ফলে উদ্ধারকর্মীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করতে হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সরকার ও আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
সূত্র: আনাদলু এজেন্সি