ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, সর্বশেষ হিসাব অনুযায়ী প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫,০৬৯ জনে। শুক্রবার (১৭ জুলাই) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় হোর্হে রদ্রিগেজ বলেন, নিহতদের বেশিরভাগই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা। গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি […]
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, সর্বশেষ হিসাব অনুযায়ী প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫,০৬৯ জনে।
শুক্রবার (১৭ জুলাই) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় হোর্হে রদ্রিগেজ বলেন, নিহতদের বেশিরভাগই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা।
গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।
দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠন কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের তহবিল ব্যবহার করবে ভেনেজুয়েলা। তবে এ বিষয়ে আইএমএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে আহতের সংখ্যা ১৬,৭৪০ জনেই অপরিবর্তিত রয়েছে। দেলসি রদ্রিগেজ বলেন, আহতদের বেশিরভাগই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।
অন্যদিকে, ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে প্রায় ২০ হাজার মানুষ এখনো বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব আশ্রয়কেন্দ্রের অনেকগুলোতেই নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ঘাটতি রয়েছে।
উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় অবকাঠামো পুনর্নির্মাণ, গৃহহীন মানুষের পুনর্বাসন এবং জরুরি সেবা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
সূত্র: এএফপি