মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার অবসানে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব জানান, মধ্যপ্রাচ্যে নতুন করে সহিংসতার বিস্তারে তিনি গভীরভাবে শঙ্কিত। পাশাপাশি গাজায় প্রবেশের সীমান্ত পথগুলো পুনরায় খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, “সব ধরনের হামলা […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার অবসানে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব জানান, মধ্যপ্রাচ্যে নতুন করে সহিংসতার বিস্তারে তিনি গভীরভাবে শঙ্কিত। পাশাপাশি গাজায় প্রবেশের সীমান্ত পথগুলো পুনরায় খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, “সব ধরনের হামলা অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে। লেবানন, ইরান এবং গাজায় চলমান যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে।”
লেবাননের রাজধানী বৈরুতে হামলার জবাবে ইরান ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর সোমবার ইরানি লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর এটিই ছিল প্রথম বড় ধরনের হামলা-পাল্টা হামলার ঘটনা।
এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়পক্ষকে অবিলম্বে “গোলাগুলি” বন্ধ করার আহ্বান জানান। তার এই আহ্বানের পর সোমবার ইসরায়েল ও ইরান উভয়পক্ষই পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা দেয়। তবে তেহরান ও তেল আবিব উভয়ই জানিয়েছে, পরিস্থিতির প্রেক্ষিতে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গত এপ্রিলের যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে এই সরাসরি সংঘাত তিন মাসেরও বেশি সময় ধরে চলা উত্তেজনার পর নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তিতে পৌঁছানোর জন্য ওয়াশিংটনের চলমান কূটনৈতিক প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করতে পারে।
গুতেরেস আরও বলেন, “মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করতে গাজায় বন্ধ করে দেওয়া সীমান্ত পথগুলো ইসরায়েলের খুলে দেওয়া উচিত।”
জাতিসংঘ মহাসচিবের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং বেসামরিক মানুষের দুর্ভোগ কমাতে সব পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিগুলো কার্যকরভাবে বাস্তবায়ন এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথ নিশ্চিত করা জরুরি।