মার্কিন নিষেধাজ্ঞার পর ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দর রেকর্ড পরিমাণ কমেছে। বৈদেশিক মুদ্রা অর্জনে ইরানের ব্যবহৃত আর্থিক নেটওয়ার্ক লক্ষ্য করে ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার এক দিন পর মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির মুদ্রাবাজারে এই পতন দেখা যায়। মুদ্রা পর্যবেক্ষক সংস্থা আলানচাঁদের তথ্য অনুযায়ী, তেহরানের খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের দাম বেড়ে ২৮ লাখ ৫৬ হাজার রিয়ালে পৌঁছেছে। […]
ছবি: সংগৃহীত
মার্কিন নিষেধাজ্ঞার পর ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দর রেকর্ড পরিমাণ কমেছে। বৈদেশিক মুদ্রা অর্জনে ইরানের ব্যবহৃত আর্থিক নেটওয়ার্ক লক্ষ্য করে ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার এক দিন পর মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির মুদ্রাবাজারে এই পতন দেখা যায়।
মুদ্রা পর্যবেক্ষক সংস্থা আলানচাঁদের তথ্য অনুযায়ী, তেহরানের খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের দাম বেড়ে ২৮ লাখ ৫৬ হাজার রিয়ালে পৌঁছেছে। ইরানি মুদ্রার হিসাবে এর পরিমাণ ২ লাখ ৮৫ হাজার ৬০০ তোমান। আরেক পর্যবেক্ষক সংস্থা পাশিজির হিসাবে, মঙ্গলবার ডলারের বিক্রয়মূল্য ছিল ২৮ লাখ ৪৮ হাজার রিয়াল।
এর আগের দিন সোমবার ইরানের ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট দুই ডজনের বেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি বিভাগ।
মার্কিন ট্রেজারি জানায়, এই নেটওয়ার্ক ইরানি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক লেনদেন পরিচালনা এবং বৈদেশিক মুদ্রা সংগ্রহে সহায়তা করে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরান কারেন্সি অ্যান্ড গোল্ড এক্সচেঞ্জ সেন্টারও।
তবে ইরানের তাসনিম বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি জানিয়েছেন, ওই কেন্দ্রটি মূলত লেনদেন নিবন্ধনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যেই রিয়ালের এই রেকর্ড দরপতন ঘটল। ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, অক্টোবরে শেষ হওয়া মেহর মাসে দেশটির বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৮৮ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।
একই সময়ে ১২ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ৭৬ দশমিক ৮ শতাংশ। আর খাদ্য, পানীয় ও তামাকের দাম আগের বছরের একই মাসের তুলনায় ১১৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি