যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিকে ঘিরে দেশটির পররাষ্ট্র দপ্তর এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এ বছরের গ্রীষ্মকাল থেকে বাজারে আসতে যাচ্ছে সীমিত সংস্করণের বিশেষ পাসপোর্ট, যার ভেতরের প্রচ্ছদে বড় আকারে দেখা যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। বিষয়টি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।রাজতন্ত্রের শাসন থেকে মুক্তির ২৫০ বছর পূর্তির আয়োজনে একজন জীবিত প্রেসিডেন্টের ছবি […]
পাসপোর্টের ভেতরের প্রচ্ছদে বড় আকারে দেখা যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। । ছবি: কোলাজ ইত্তেফাক
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিকে ঘিরে দেশটির পররাষ্ট্র দপ্তর এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এ বছরের গ্রীষ্মকাল থেকে বাজারে আসতে যাচ্ছে সীমিত সংস্করণের বিশেষ পাসপোর্ট, যার ভেতরের প্রচ্ছদে বড় আকারে দেখা যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। বিষয়টি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
রাজতন্ত্রের শাসন থেকে মুক্তির ২৫০ বছর পূর্তির আয়োজনে একজন জীবিত প্রেসিডেন্টের ছবি রাষ্ট্রীয় ভ্রমণ নথিতে যুক্ত করা অনেকের কাছেই নজিরবিহীন মনে হচ্ছে। সমালোচকদের মতে, এটি সরকারি নথিতে ব্যক্তিপূজার আরেকটি উদাহরণ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই নকশার পাসপোর্ট যে কোনো মার্কিন নাগরিক আবেদন করলে পাওয়া যাবে। তবে এটি সব জায়গায় নয়, কেবল ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতেই দেওয়া হবে। ফলে এটি সাধারণ ব্যবহারের পাসপোর্টের চেয়ে আলাদা একটি বিশেষ সংস্করণ হিসেবে থাকবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, এই বিশেষ পাসপোর্টে কাস্টমাইজড আর্টওয়ার্ক এবং উন্নত ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তার ভাষ্যে, নকশাটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছরের স্মরণে তৈরি করা হয়েছে।
পাসপোর্টের ভেতরের প্রচ্ছদে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় ছবি থাকবে। ছবির চারপাশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা, জাতীয় পতাকা এবং সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষর যুক্ত করা হবে। পুরো নকশাই ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ২৫০’ কর্মসূচির অংশ হিসেবে তৈরি করা হয়েছে।
এই কর্মসূচিকে ঘিরে আরও বেশ কিছু আয়োজনের পরিকল্পনাও সামনে এসেছে। এর মধ্যে ন্যাশনাল মলে গ্র্যান্ড প্রিক্স ধরনের একটি দৌড় প্রতিযোগিতা এবং হোয়াইট হাউসের লনে মিশ্র মার্শাল আর্টের লড়াই আয়োজনের কথাও রয়েছে।
তবে এসব উদ্যোগ সমালোচকদের চোখে ভিন্নভাবে ধরা পড়েছে। তাদের অভিযোগ, রাষ্ট্রীয় প্রতীক ও নথিতে ট্রাম্পের ছবি ব্যবহার ব্যক্তিগত প্রভাব বিস্তারের প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। কারণ এর আগেও সরকারি বিভিন্ন স্থাপনা ও নথিতে ট্রাম্পের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছিল।
উদাহরণ হিসেবে সমালোচকেরা বলছেন, ওয়াশিংটনের বিচার বিভাগ ভবনসহ বিভিন্ন সরকারি দপ্তরে তার বড় ছবি টানানো হয়েছে। কৃষি বিভাগে আব্রাহাম লিংকনের ছবির পাশে ট্রাম্পের ছবি বসানোর ঘটনাও আলোচিত হয়। এমনকি ২০২৬ সালের ন্যাশনাল পার্ক পাসেও জর্জ ওয়াশিংটনের সঙ্গে ট্রাম্পের ছবি যুক্ত করা হয়েছিল।
এ নিয়ে দর্শনার্থীদের একটি অংশ প্রতিবাদও জানায়। কেউ কেউ ট্রাম্পের ছবির ওপর স্টিকার লাগিয়ে তা ঢেকে দেন। এরপর পার্ক সার্ভিস পাস বিকৃত করার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেয়।
এমনকি নতুন মুদ্রার নকশায়ও ট্রাম্পের ছবি ব্যবহারের প্রস্তাব উঠেছে বলে জানা গেছে। ফলে রাষ্ট্রীয় প্রতীক, নথি ও স্মারক তৈরিতে ট্রাম্পকে ঘিরে এই প্রবণতা আরও তীব্র হচ্ছে বলে মনে করছেন সমালোচকেরা।
সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ওয়াশিংটনে ২৫০ ফুট উঁচু একটি বিশাল স্বর্ণালী বিজয় তোরণ নির্মাণের প্রাথমিক অনুমোদন। প্রশাসনিকভাবে এটিকে ‘আর্ক দ্য ট্রাম্প’ বলা হচ্ছে। উচ্চতায় এটি ক্যাপিটল ও লিংকন মেমোরিয়ালকেও ছাড়িয়ে যাবে। জনমত নেতিবাচক হওয়ার পরও ট্রাম্পের ঘনিষ্ঠদের সমন্বয়ে গঠিত একটি প্যানেল প্রকল্পটি এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে।
সমালোচকদের মতে, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক প্রতিষ্ঠান ও প্রতীকের ওপর ব্যক্তির প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা। তবে প্রশাসনের দাবি, এসব আয়োজন ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখার বিশেষ মাধ্যম।