যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে কিউবার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে কূটনৈতিক আলোচনা থেকে সরে আসার ইঙ্গিতও দিয়েছেন তিনি। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর তাঁর প্রশাসনের এই অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার রক্ষণশীল উপস্থাপক হিউ […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে কিউবার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে কূটনৈতিক আলোচনা থেকে সরে আসার ইঙ্গিতও দিয়েছেন তিনি। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর তাঁর প্রশাসনের এই অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার রক্ষণশীল উপস্থাপক হিউ হিউইটের অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ক্ষমতা ছাড়ার আগে তিনি কিউবার বিষয়টি ‘মিটিয়ে ফেলতে’ চান। এ ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। রুবিওর বাবা-মা কিউবা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন।
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটির পরিস্থিতির ওপর তাঁর প্রশাসন ঘনিষ্ঠভাবে নজর রাখছে। ফ্লোরিডার কিউবান-আমেরিকান ভোটারদের মধ্যে নিজের সমর্থনের কথাও তুলে ধরেন তিনি। ট্রাম্পের দাবি, ফ্লোরিডায় কিউবান ভোটের ৯৪ শতাংশ তিনি পেয়েছিলেন এবং এখন তাঁর জনপ্রিয়তা আগের চেয়েও বেশি।
কিউবা থেকে যুক্তরাষ্ট্রে আসা এবং সেখানে দুর্ব্যবহারের শিকার হওয়া মানুষদের জন্যও দেশটির বিষয়ে পদক্ষেপ নিতে চান বলে জানান ট্রাম্প।
সাক্ষাৎকারে হিউ হিউইট জানতে চান, কিউবাকে ‘স্বাধীন’ করতে এক সপ্তাহের সামরিক অভিযান চালানোর প্রয়োজন হলে তিনি তাতে সম্মতি দেবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, এমন পদক্ষেপ বিবেচনা করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তবে কিউবায় সামরিক অভিযান চালানোর কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা ঘোষণা করেননি তিনি।
এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়েও যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ধারাবাহিক পোস্টে তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা থেকে সরে এসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা অঙ্গরাজ্য ও শহরগুলোতে কথিত নির্বাচনী জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ তদন্তে মনোযোগ দিতে বলেছেন।
ট্রাম্পের ভাষ্য, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে শত শত কোটি ডলার এবং হরমুজ প্রণালি পেয়েছে। তাঁর এই বক্তব্যের পর ইরান পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে অ্যাক্সিওস। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের পোস্টের পর তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে দরপতন হয়েছে।
ভ্যান্সের জন্য ট্রাম্পের এই নির্দেশনা আকস্মিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কয়েক মাস ধরে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে মার্কিন আলোচক দলের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। কয়েক দিন আগেও ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি বৈঠকের বিষয়টি বিবেচনা করছিলেন ভ্যান্স বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়।
এর আগে মঙ্গলবার প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে মার্কো রুবিও জানান, ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলা শুরু করা কিংবা কূটনৈতিক সমঝোতার চেষ্টা—কোনো পথই আপাতত বেছে নেননি ট্রাম্প। বরং ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রেখে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার কৌশল নিয়েছে ওয়াশিংটন। সম্মেলনে উপস্থিত কূটনীতিকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পরিকল্পনা করছে।
ইরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্র একাধিকবার প্রত্যাখ্যান করেছে। রুবিও ওই প্রস্তাবকে ‘আপত্তিকর, হাস্যকর এবং বাস্তবসম্মত নয়’ বলে মন্তব্য করেন।
এর আগে সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘কার্যত শেষ’। কাতার ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর অনুরোধে আপাতত নতুন হামলার হুমকি থেকে বিরত থাকার কথাও জানান তিনি। তবে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ অব্যাহত রাখার পক্ষে অবস্থান জানান।
তবে সংঘাত পুরোপুরি থেমে নেই। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, উপসাগরে দেশটির একটি তেলবাহী ট্যাংকারে হামলার পর চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে হামলা চালিয়েছে।
যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধি, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। ওই নির্বাচনে দলটি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে। নির্বাচনের ফল এবং যুদ্ধের রাজনৈতিক প্রভাব নিয়ে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই ভিন্নমত জানিয়েছেন ভ্যান্স।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান্স লিখেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণেই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় হয়েছে। আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোর বিনিময়ে যুদ্ধ চালিয়ে যাওয়াকে কেউ যৌক্তিক মনে করলে নিজের অবস্থান প্রকাশ করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতেন না বলেও জানিয়েছেন তিনি।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট, অ্যাক্সিওস, রয়টার্স ও হিউ হিউইট শো