যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক বিভাজন এবং সহিংস ভাষা নিয়ে চলমান বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা জিমি কিমেল। তার একটি হাস্যরসাত্মক মন্তব্যকে কেন্দ্র করে এবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার নিজের অনুষ্ঠানে একটি স্কেচের সময় কিমেল মেলানিয়াকে ‘সম্ভাব্য বিধবা’ বলে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক বিভাজন এবং সহিংস ভাষা নিয়ে চলমান বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা জিমি কিমেল। তার একটি হাস্যরসাত্মক মন্তব্যকে কেন্দ্র করে এবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বৃহস্পতিবার নিজের অনুষ্ঠানে একটি স্কেচের সময় কিমেল মেলানিয়াকে ‘সম্ভাব্য বিধবা’ বলে উল্লেখ করেন। এ মন্তব্যকে ঘিরেই ক্ষোভ প্রকাশ করে তাকে শাস্তি দেওয়ার আহ্বান জানান ট্রাম্প দম্পতি। তিন দিন পর ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প ও মেলানিয়ার উপস্থিত একটি অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর এই বিতর্ক আরও জোরালো হয়।
সোমবার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলানিয়া ট্রাম্প অভিযোগ করেন, কিমেলের মতো মানুষদের কৌতুকের আড়ালে ঘৃণা ছড়ানোর সুযোগ দেওয়া উচিত নয়। তিনি এবিসি টেলিভিশনকে কিমেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন।
মেলানিয়া লেখেন, জিমি কিমেলের মতো ব্যক্তিদের প্রতিদিন ঘরে ঘরে বিষাক্ত রাজনীতি ছড়ানোর সুযোগ থাকা উচিত নয়। এ ধরনের বক্তব্য বন্ধ করতে এবিসির পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আরও কঠোর অবস্থান নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ডিজনি ও এবিসির উচিত অবিলম্বে জিমি কিমেলকে বরখাস্ত করা। প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির পক্ষ থেকে এমন সরাসরি দাবি যুক্তরাষ্ট্রে নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।
এ বিষয়টি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী সরকারকে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ থেকে বিরত রাখে। তাই একজন কৌতুক অভিনেতাকে বরখাস্তের দাবি আইনগত ও রাজনৈতিকভাবে সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে।
সোমবার নিজের শোতে ফিরে কিমেল নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, এটি ছিল ট্রাম্প ও মেলানিয়ার বয়সের পার্থক্য নিয়ে একটি হালকা রোস্ট, এর সঙ্গে সহিংসতার কোনো সম্পর্ক নেই। তার ভাষায়, তার বক্তব্যকে হত্যার উসকানি হিসেবে দেখা ঠিক হবে না। একই সঙ্গে তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরেই বন্দুক সহিংসতার বিরুদ্ধে কথা বলে আসছেন।
উল্লেখ্য, গত শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টদের ডিনার অনুষ্ঠানে কোল টমাস অ্যালেন নামে এক যুবকের গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও ট্রাম্প ও মেলানিয়া অক্ষত অবস্থায় নিরাপদে সরে যেতে সক্ষম হন। পরে অভিযুক্ত অ্যালেনের বিরুদ্ধে প্রেসিডেন্টের ওপর হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।