ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট সাময়িকভাবে সীমিত (restrict) করে দেওয়ার ঘটনায় ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস। বুধবার (৫ আগস্ট) মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান এক বিবৃতিতে জানান, জুলাই মাসে প্রধানমন্ত্রীর পোস্ট সীমিত হওয়ার ঘটনাটি একটি অপারেশনাল ত্রুটির কারণে ঘটেছিল। এ জন্য তিনি ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর […]
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট সাময়িকভাবে সীমিত (restrict) করে দেওয়ার ঘটনায় ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস।
বুধবার (৫ আগস্ট) মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান এক বিবৃতিতে জানান, জুলাই মাসে প্রধানমন্ত্রীর পোস্ট সীমিত হওয়ার ঘটনাটি একটি অপারেশনাল ত্রুটির কারণে ঘটেছিল। এ জন্য তিনি ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে মেটার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন।
কাপলান বলেন, “প্রধানমন্ত্রী মোদির পোস্ট সীমিত করার ভুলের জন্য আমি মেটার পক্ষ থেকে মন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছি।”
গত মাসে এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটার কর্মকর্তাদের তলব করেছিল। পরে মেটা জানায়, এটি কোনো নীতিগত সিদ্ধান্ত ছিল না; বরং একটি অনিচ্ছাকৃত প্রযুক্তিগত বা পরিচালনাগত ভুলের ফল।
সাম্প্রতিক সময়ে কনটেন্ট নিয়ন্ত্রণ ইস্যুতে মেটা এবং ভারত সরকারের মধ্যে একাধিকবার উত্তেজনা দেখা দিয়েছে।
গত সপ্তাহে ভারতের হায়দরাবাদ পুলিশ মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, ফেসবুকে এমন কিছু ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে প্রধানমন্ত্রী মোদিকে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।
এই ঘটনাগুলো এমন সময় ঘটছে, যখন জাতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্দোলনের জেরে দেশটির শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে নিয়ে ব্যাপক সমালোচনা, ব্যঙ্গ ও বিদ্রূপ ছড়িয়ে পড়ে।
এদিকে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গও ভারত সরকারের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট, ডিপফেইক এবং প্ল্যাটফর্ম পরিচালনায় বিভিন্ন ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে মেটা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে জুলাই মাসে ভারত সরকার ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট ও বিজ্ঞাপন অপসারণের নির্দেশ দেয়। তখন মেটা জানায়, শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্টের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে এবং এ ধরনের কনটেন্ট শনাক্ত ও অপসারণে তারা তাদের প্রযুক্তিগত সক্ষমতা আরও জোরদার করছে।
সূত্র: রয়টার্স