সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৩৭ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সোমবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম। ৫৬ বছর বয়সী এই রাজনীতিক গত এক দশকে দেশটির সপ্তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ‘কিং অব দ্য নর্থ’ নামে ব্যাপক পরিচিতি লাভ করেন। দায়িত্ব গ্রহণের আগে বার্নহাম প্রতিশ্রুতি দিয়েছেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্বল […]

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সোমবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম। ৫৬ বছর বয়সী এই রাজনীতিক গত এক দশকে দেশটির সপ্তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ‘কিং অব দ্য নর্থ’ নামে ব্যাপক পরিচিতি লাভ করেন।

দায়িত্ব গ্রহণের আগে বার্নহাম প্রতিশ্রুতি দিয়েছেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নসহ দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো মোকাবিলায় নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন। তাঁর লক্ষ্য একটি আরও স্থিতিশীল, কার্যকর এবং জবাবদিহিমূলক সরকার গঠন।

এর আগে বিদায়ী প্রধানমন্ত্রী ও লেবার পার্টির সাবেক নেতা কিয়ার স্টারমার ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বিদায়ী বক্তব্যে বলেন, “আমার দায়িত্ব শেষ হয়েছে। আমি সম্মান ও সৌজন্যের সঙ্গে বিদায় নিচ্ছি।”

সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী, রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর স্টারমারের স্থলাভিষিক্ত হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ পান অ্যান্ডি বার্নহাম। এরপর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু করবেন।

বিশ্লেষকদের মতে, দায়িত্ব গ্রহণের পরপরই বার্নহামের সামনে একাধিক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এর মধ্যে রয়েছে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়, জনস্বাস্থ্য ও অন্যান্য সরকারি সেবার মানোন্নয়ন, এবং ইউটিলিটি খাতের দীর্ঘদিনের সংকট মোকাবিলা।

প্রায় এক মাস আগে লেবার পার্টির এমপিদের ভোটে নেতৃত্ব হারানোর পর কিয়ার স্টারমার বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মান ছিল। তিনি অ্যান্ডি বার্নহামের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, নতুন প্রধানমন্ত্রী দেশের নেতৃত্বে সফল হবেন বলে তিনি আশাবাদী।

বার্নহামের কার্যালয় জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া প্রথম ভাষণে তিনি রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং জনগণের আস্থা পুনর্গঠনের রূপরেখা তুলে ধরবেন।

সম্প্রতি লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর বার্নহাম বলেছিলেন, “গত চার দশকে ব্রিটিশ রাজনীতির জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুহূর্ত। এখন সময় এসেছে দেশের বাস্তব সমস্যাগুলোর মুখোমুখি হয়ে দীর্ঘমেয়াদি সমাধানের পথে এগিয়ে যাওয়ার।”

নতুন সরকারের অধীনে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ নীতি, অর্থনৈতিক সংস্কার এবং আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে পরিচালিত হবে, সেদিকে দেশটির রাজনৈতিক মহল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকবে।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ