লেবার পার্টির সংসদ সদস্যদের বিপুল সমর্থন পেয়ে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়া এখন তার জন্য প্রায় নিশ্চিত হয়ে উঠেছে। মনোনয়ন প্রক্রিয়ার প্রথম দিনেই লেবার পার্টির ৪০৩ জন এমপির মধ্যে ৩২২ জনের সমর্থন পেয়েছেন বার্নহাম। একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করতে তার প্রয়োজন ছিল আর […]
ছবি: সংগৃহীত
লেবার পার্টির সংসদ সদস্যদের বিপুল সমর্থন পেয়ে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়া এখন তার জন্য প্রায় নিশ্চিত হয়ে উঠেছে।
মনোনয়ন প্রক্রিয়ার প্রথম দিনেই লেবার পার্টির ৪০৩ জন এমপির মধ্যে ৩২২ জনের সমর্থন পেয়েছেন বার্নহাম। একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করতে তার প্রয়োজন ছিল আর মাত্র একটি সমর্থন।
নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বার্নহাম বলেন, “সবকিছু এখন খুব বাস্তব মনে হতে শুরু করেছে।”
লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আগামী বৃহস্পতিবার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতা ঘোষণা করা হবে। এরপর আগামী ২০ জুলাই তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
বার্নহাম ৩২৩টি মনোনয়নে পৌঁছালে অন্য কোনো প্রার্থীর আর প্রতিদ্বন্দ্বিতায় নামার সুযোগ থাকবে না। কারণ নেতৃত্ব নির্বাচনে অংশ নিতে অন্তত ৮১ জন এমপির সমর্থন প্রয়োজন, যা বাকি এমপিদের সংখ্যা অনুযায়ী আর সম্ভব নয়। কয়েকজন লেবার এমপি জানিয়েছেন, বৃহস্পতিবার ভোট দিতে না পারলেও তারা পার্লামেন্ট অধিবেশন শুরু হলে বার্নহামের পক্ষেই সমর্থন দেবেন।
এর আগে সাবেক জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী আল কার্নস প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিলে বার্নহামের নেতৃত্বের পথ আরও সহজ হয়ে যায়।
গত মে মাসের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফলের পর দলটির ভেতরে নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হয়। এর পরিপ্রেক্ষিতে গত মাসে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যার পর শুরু হয় নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া।