আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে মার্কিন সিনেটর হিসেবে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ। তবে শপথ অনুষ্ঠানে কোন কোরআনের কপি ব্যবহার করবেন, তা এখনো চূড়ান্ত করেননি তিনি। সম্ভাব্য পছন্দের তালিকায় রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআন এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রাচীন একটি কপি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) […]
ছবি: সংগৃহীত
আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে মার্কিন সিনেটর হিসেবে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ। তবে শপথ অনুষ্ঠানে কোন কোরআনের কপি ব্যবহার করবেন, তা এখনো চূড়ান্ত করেননি তিনি। সম্ভাব্য পছন্দের তালিকায় রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআন এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রাচীন একটি কপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনপিআরের ‘নিউজমেকার্স’ অনুষ্ঠানে সাংবাদিক লেইলা ফাদেলের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান এল-সাইয়েদ। এর আগে একই দিন তাঁর বক্তব্য নিয়ে সামা টিভির একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
সাক্ষাৎকারে এল-সাইয়েদ বলেন, ‘আমি সম্ভবত কোরআন ছুঁয়েই শপথ নেব। তবে কোন কোরআনটি ব্যবহার করব, তা এখনো নিশ্চিত নই।’
সম্ভাব্য দুটি কপির বিষয়ে তিনি জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের কাছে কোরআনের একটি কপি ছিল। ২০০৭ সালে কংগ্রেসের সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় কিথ এলিসন ওই কপিটি ব্যবহার করেছিলেন। অন্যদিকে মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে অঙ্গরাজ্যটির প্রথম দিককার একটি প্রাচীন কোরআন। সেটিও তাঁর বিবেচনায় রয়েছে।
এল-সাইয়েদের ভাষ্য, দুটি কপির যেকোনো একটি বেছে নিতে পারেন তিনি। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন ৪২ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হন।
আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি নতুন সিনেটরদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁদের শপথ পড়াবেন।
সূত্র: এনপিআর