রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের সংকটে শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, মাত্র ১১ দিনে সেখানে ৩৩টি শিশুর মৃত্যু হয়েছে, অথচ হাসপাতালের পরিচালক এ বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করেননি। এ অবস্থায় তিনি ক্ষোভের সঙ্গে বলেন, এমন দায়িত্বহীনতার জন্য তাকে ফাঁসিতে ঝোলানো উচিত। শনিবার রাজধানীর শাহবাগে শহীদ আবু […]
ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের সংকটে শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, মাত্র ১১ দিনে সেখানে ৩৩টি শিশুর মৃত্যু হয়েছে, অথচ হাসপাতালের পরিচালক এ বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করেননি। এ অবস্থায় তিনি ক্ষোভের সঙ্গে বলেন, এমন দায়িত্বহীনতার জন্য তাকে ফাঁসিতে ঝোলানো উচিত।
শনিবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসা নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী অভিযোগ করেন, বিষয়টি নিয়ে যখন তিনি সরাসরি ফোন করেন, তখন হাসপাতালের পরিচালক দাবি করেছিলেন যে গণমাধ্যম বিষয়টি অতিরঞ্জিত করছে। তবে পরবর্তীতে প্রতিবেদন হাতে পাওয়ার পর দেখা যায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্যই সঠিক ছিল এবং তখন পরিচালক আর তা অস্বীকার করতে পারেননি।
সরকারি প্রক্রিয়ায় দ্রুত ভেন্টিলেটর সংগ্রহ কঠিন হওয়ায় ব্যক্তিগত উদ্যোগে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নিজের যোগাযোগ ব্যবহার করে কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর সংগ্রহ করা হয়েছে। এগুলো সরকারি অর্থে নয়, বরং বেসরকারি সহায়তায় কেনা হচ্ছে। পাশাপাশি আরও দুটি ভেন্টিলেটর সংগ্রহের চেষ্টাও চলছে।
চিকিৎসকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর গভীর আস্থা রাখে, প্রায় ঈশ্বরতুল্য মনে করে। তাই তাদের আচরণ, ব্যবহার ও সেবায় সর্বোচ্চ দায়িত্বশীল হওয়া জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, প্রায়ই এমন ঘটনা সংবাদমাধ্যমে আসে যেখানে অস্ত্রোপচারের সময় রোগীর শরীরের ভেতরে সার্জিক্যাল সামগ্রী থেকে যায়, যা পরে গুরুতর জটিলতা সৃষ্টি করে। তার মতে, অতিরিক্ত কাজের চাপ ও ক্লান্তির কারণে চিকিৎসকদের মনোযোগে ঘাটতি তৈরি হলে এ ধরনের ভুল ঘটে—যা অবশ্যই এড়ানো প্রয়োজন।
চিকিৎসকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। নাম উল্লেখ না করে তিনি বলেন, ঢাকার উত্তরাঞ্চলে কর্মরত এক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট রোগীদের যথাযথ চিকিৎসা না দিয়ে অপ্রাসঙ্গিক আচরণ করতেন—যা চিকিৎসা নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী।
অনুষ্ঠানে নিজের চিকিৎসা-সংক্রান্ত অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। ২০১৮ সালের নির্বাচনের আগে পুলিশের হামলায় তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। সে সময় দেশের অনেক চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দিলেও তিনি ভারতে গিয়ে একজন বিশেষজ্ঞের পরামর্শে অস্ত্রোপচার ছাড়াই বিশেষ জুতা ব্যবহার ও ব্যায়ামের মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন।
শেষে তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, চিকিৎসা বিজ্ঞানে প্রতিনিয়ত নতুন পদ্ধতি ও জ্ঞান যুক্ত হচ্ছে। তাই নিয়মিত পড়াশোনা, প্রশিক্ষণ গ্রহণ এবং আন্তর্জাতিক মেডিকেল জার্নাল অনুসরণ করে নিজেদের দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি।