উত্তর প্রদেশের অযোধ্যায় নির্মিত রাম মন্দিরকে ঘিরে এবার বড় ধরনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। যে স্থানটি একসময় ঐতিহাসিক বাবরি মসজিদের অবস্থানস্থল হিসেবে পরিচিত ছিল, সেই স্থানেই প্রতিষ্ঠিত মন্দিরটিকে ঘিরে নতুন এই বিতর্ক দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন অঞ্চলে […]
ছবি: সংগৃহীত
উত্তর প্রদেশের অযোধ্যায় নির্মিত রাম মন্দিরকে ঘিরে এবার বড় ধরনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। যে স্থানটি একসময় ঐতিহাসিক বাবরি মসজিদের অবস্থানস্থল হিসেবে পরিচিত ছিল, সেই স্থানেই প্রতিষ্ঠিত মন্দিরটিকে ঘিরে নতুন এই বিতর্ক দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। সেই সহিংসতায় প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ঘটে, যাদের বড় অংশই ছিলেন মুসলিম সম্প্রদায়ের সদস্য। পরবর্তী সময়ে ওই স্থানকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান আরও শক্তিশালী হয়।
২০২৪ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে অযোধ্যার নতুন রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বহু হিন্দুর কাছে এটি ভগবান রামের জন্মস্থান হিসেবে গভীর ধর্মীয় গুরুত্ব বহন করে।
তবে ধর্মীয় আবেগ ও বিশ্বাসের প্রতীক হয়ে ওঠা এই মন্দির এখন বিপুল পরিমাণ অনুদান ও মূল্যবান উপহার আত্মসাতের অভিযোগে নতুন করে আলোচনায় এসেছে। গত কয়েক সপ্তাহ ধরে মন্দির পরিচালনাকারী ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয় ভক্তদের অভিযোগ, মন্দিরে দেওয়া দান ও মূল্যবান সামগ্রীর যথাযথ হিসাব পাওয়া যাচ্ছে না। অনেকের দাবি, তাদের দেওয়া স্বর্ণালংকার, রুপার ইট এবং অন্যান্য মূল্যবান উপহারের কোনো খোঁজ মিলছে না।
ভক্ত ব্রজেশ কুমার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, মানুষের ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে কেউ যদি ব্যক্তিগত সুবিধা নেয়, তবে তা অত্যন্ত দুঃখজনক। তার ভাষায়, ভক্তদের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
অভিযোগ প্রকাশ্যে আসার পর তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।
রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে উত্তর প্রদেশে নির্বাচন ঘনিয়ে আসায় বিরোধী দলগুলো সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি দাবি করছে।
রাম মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে স্বাধীন সংস্থা ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’। যদিও ট্রাস্টটি সরাসরি সরকারের নিয়ন্ত্রণাধীন নয়, তবে এর কয়েকজন শীর্ষ কর্মকর্তা ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
চলতি মাসে ট্রাস্টের হিসাব বিভাগের সাবেক তত্ত্বাবধায়ক মহিপাল সিং আর্থিক অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আনার পর ঘটনাটি নতুন মাত্রা পায়। তবে পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদমাধ্যম তার বক্তব্য নিতে পারেনি।
এদিকে সমাজবাদী পার্টির নেতা ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব অভিযোগ করেছেন, মন্দিরের অনুদানের বিপুল পরিমাণ অর্থের হিসাব পাওয়া যাচ্ছে না। বিরোধীদের ক্রমবর্ধমান চাপের মুখে উত্তর প্রদেশ সরকার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
জানা গেছে, তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে, তবে সেটি এখনও প্রকাশ করা হয়নি।
পুলিশ ইতোমধ্যে অন্তত আটজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে অনুদানের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী সংরক্ষণ ও গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মচারীও রয়েছেন।
বিতর্ক আরও তীব্র হয় যখন দীর্ঘদিন ধরে ট্রাস্টের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা চম্পত রায়সহ কয়েকজন প্রভাবশালী ট্রাস্টি পদত্যাগ করেন। রাম মন্দির আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হিসেবে চম্পত রায়ের পদত্যাগ ঘটনাটিকে আরও গুরুত্বের সঙ্গে দেখছে রাজনৈতিক মহল।
তবে পদত্যাগের পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বহু ভক্ত ও সাধারণ সমর্থক অনুদানের অর্থ ও উপহারের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ধর্মীয় আবেগ ও রাজনৈতিক গুরুত্বের কারণে অযোধ্যার রাম মন্দির বরাবরই ভারতের জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল। নতুন এই দুর্নীতির অভিযোগ সেই বিতর্ককে আরও গভীর করতে পারে।
সূত্র: আল জাজিরা