সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:০৫ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬

ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ রোববার শুরু, ১১ দলীয় জোটের সিদ্ধান্তে যাচ্ছে না জামায়াত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) থেকে টানা তিন দিন ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ১১ দলীয় ঐক্যের সিদ্ধান্ত অনুযায়ী এককভাবে ইসির সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় […]

ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ রোববার শুরু, ১১ দলীয় জোটের সিদ্ধান্তে যাচ্ছে না জামায়াত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) থেকে টানা তিন দিন ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ১১ দলীয় ঐক্যের সিদ্ধান্ত অনুযায়ী এককভাবে ইসির সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তারা ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়ে জোটগতভাবে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী। এ কারণে রোববারের নির্ধারিত সংলাপে দলটি অংশ নেবে কি না, কিংবা জোটের জন্য আলাদা সময় দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি ইসি।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ২৯ নভেম্বর প্রথম দিনে জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। ৩০ নভেম্বর বিএনপিসহ ১৯টি দল এবং ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৮টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা।

ইসি সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এই মতবিনিময় হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে অন্য চার নির্বাচন কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। তিন দিনের সংলাপ শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আরেকটি সভা করার পরিকল্পনাও রয়েছে।

এবারের সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের চার শরিক দল—বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকে আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে, ১৪-দলীয় জোটের আরেক শরিক আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) আমন্ত্রণ পেয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে নির্বাচন কমিশনের আয়োজিত সংলাপেও ওই চার দলকে আমন্ত্রণ জানানো হয়নি। সে সময় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকেও সংলাপে ডাকা হয়নি।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে এবারের সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসির সংলাপে অংশ নিয়েছিল ৫১টি নিবন্ধিত দল। জাতীয় নির্বাচনের পর নতুন করে নিবন্ধন পাওয়া চারটি দলসহ এবার মোট ৫৫টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত ১২ অক্টোবর নির্বাচন কমিশনের ১৪তম সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে পাঁচ ধাপে অনুষ্ঠেয় ভোটের তারিখ ও এলাকাভিত্তিক তালিকা প্রকাশ করেছে কমিশন।

ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

তথ্যসূত্র: বাসস, একাত্তর

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ