সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:২৮ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বাংলাদেশ বিমানের উড়োজাহাজ: রয়টার্স

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তাঁর মুখপাত্র। এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট […]

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বাংলাদেশ বিমানের উড়োজাহাজ: রয়টার্স

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তাঁর মুখপাত্র।

এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট তারিখের কথা জানালেন শেখ হাসিনা। তাঁর এই পরিকল্পনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রের জন্য আবেদন করার পর থেকে দেশটিতে সহিংসতাও বেড়েছে।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি সরকারের কাছে রাষ্ট্রীয় উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানবহির্ভূতভাবে তাঁকে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবসে দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে বাংলাদেশের সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।

এর আগে গত রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। মৃত্যুদণ্ডে দণ্ডিত হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি মেনে চলার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

শামা ওবায়েদ আরও জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত থেকে বিমান পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই আন্দোলনে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে এ সাজা দেওয়া হয়। তবে ভারতে নির্বাসিত অবস্থায় এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

তথ্যসূত্র: রয়টার্স

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ