দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য, রাষ্ট্রীয় সংস্কার, বিচার ও সার্বভৌমত্বের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। বৈঠকে রাজনৈতিক ঐক্যের দীর্ঘমেয়াদি কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছে দলটি। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান চেয়েছে এনসিপি। সোমবার (২৩ […]
ছবি: সংগৃহীত
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য, রাষ্ট্রীয় সংস্কার, বিচার ও সার্বভৌমত্বের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। বৈঠকে রাজনৈতিক ঐক্যের দীর্ঘমেয়াদি কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছে দলটি। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান চেয়েছে এনসিপি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ২০ মিনিটে শুরু হয়ে প্রায় ৩৫ মিনিট চলে আলোচনা। পরে এনসিপির প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, গত কয়েক দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক কর্মী এবং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিরাও হামলার শিকার হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছে এনসিপি। তবে এ ঐক্য যেন কেবল কোনো নির্দিষ্ট দল বা জোটের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি।
নাহিদ ইসলামের ভাষ্য, বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো স্পষ্ট না করার কারণে পরিস্থিতি তৈরি হয়েছে। এসব বিষয়ে সরকারের করণীয় নিয়েও বৈঠকে এনসিপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।
সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করে তিনি সংবিধান সংশোধন কমিটি বাতিলের প্রস্তাব দেন। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে সংস্কার কার্যক্রম শুরু করার আহ্বান জানান।
বিচার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো, জুলাই গণ-অভ্যুত্থানসংক্রান্ত মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করা এবং অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি জানান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারত আওয়ামী লীগকে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ দিচ্ছে। তিনি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের পাশাপাশি গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের আলোচনায় বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকারের দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। চুক্তিটির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা।
এনসিপি মনে করে, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো শুধু তাৎক্ষণিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘমেয়াদে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐক্যের একটি রূপরেখা এবং দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অভিন্ন পররাষ্ট্রনীতি প্রয়োজন।
বৈঠকে সরকারের পক্ষ থেকে সংস্কার ও জাতীয় ঐক্যের বিষয়ে অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রকামী মানুষের মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সরকার সেটিকে আরও সুসংহত করতে চায়। নতুন করে ঐক্য প্রতিষ্ঠার চেয়ে বিদ্যমান ঐক্যকে শক্তিশালী করাই সরকারের লক্ষ্য।
মাহ্দী আমিন জানান, বিএনপির নির্বাচনি ইশতেহার এবং জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে দেওয়া অঙ্গীকারগুলো নোট অব ডিসেন্টসহ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে সরকারের অবস্থানে কোনো বিচ্যুতি হবে না। সংসদের প্রথম অধিবেশনে প্রায় ১০০টি অধ্যাদেশ আইনে রূপান্তরের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী তা এগিয়ে নেবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের প্রস্তাব নিয়ে শুধু আলোচনা করলেই হবে না, এর বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সরকারের দেওয়া আশ্বাসের মূল্যায়ন হবে বাস্তব উদ্যোগের ভিত্তিতে। এনসিপি নিজেদের রাজনৈতিক অবস্থান বজায় রেখেই গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নে সরকার ও জনগণের সঙ্গে কাজ করতে চায়।
তথ্যসূত্র: ঢাকা ট্রিবিউন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম