বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–কে চিঠি দিয়েছে ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। সোমবার এসব সংগঠনের মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সেন্টার ফর পলিসি গভর্নেন্স (সিপিজি) এবং সিভিকাসসহ মোট ৯টি সংস্থা এ চিঠি পাঠায়। একই চিঠি আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর কাছেও পাঠানো হয়েছে। […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–কে চিঠি দিয়েছে ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।
সোমবার এসব সংগঠনের মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সেন্টার ফর পলিসি গভর্নেন্স (সিপিজি) এবং সিভিকাসসহ মোট ৯টি সংস্থা এ চিঠি পাঠায়। একই চিঠি আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর কাছেও পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের সামনে নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তবে বর্তমান সময়কে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়নের একটি সুযোগ হিসেবে দেখছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
সংগঠনগুলোর মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–এর শাসনামলে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল। তার সরকারের পতনের পর এসব ঘটনার কিছুটা হ্রাস পেলেও অন্তর্বর্তী সময়েও রাজনৈতিক প্রতিপক্ষকে আটক, সাংবাদিকদের ওপর চাপ এবং ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি বলে দাবি করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের আহ্বানও জানানো হয়েছে।
এ ছাড়া মানবাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ ও আইনগত সংস্কারের জন্য কয়েকটি নির্দিষ্ট সুপারিশও চিঠিতে তুলে ধরেছে সংগঠনগুলো।