সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৫০ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫

লক্ষাধিক প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ ইসির 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত বিশ্বের ১৬টি দেশের মোট ১ লাখ ২৪ হাজার ৩০০ জন প্রবাসী ভোটারের ঠিকানায় এসব ব্যালট পাঠানো হয়েছে। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) […]

নির্বাচন কমিশনের সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ রোববার
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত বিশ্বের ১৬টি দেশের মোট ১ লাখ ২৪ হাজার ৩০০ জন প্রবাসী ভোটারের ঠিকানায় এসব ব্যালট পাঠানো হয়েছে।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানান, গত শুক্রবার সন্ধ্যা থেকে প্রবাসী ভোটারদের কাছে ধাপে ধাপে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। গত শুক্রবার ও শনিবার, রোববার এবং সোমবার—এই চার দিনে বিভিন্ন দেশে ব্যালট প্রেরণ সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, আগামী ২১ জানুয়ারি বুধবার জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ বা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রার্থীদের তালিকা ও প্রতীক সম্পর্কে জানতে পারবেন। এরপর অ্যাপে লগইন করে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের তালিকা দেখে ব্যালট পেপারে প্রতীকের পাশে নির্ধারিত ঘরে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন।

সালীম আহমাদ খান বলেন, কেউ যদি প্রতীক বরাদ্দের আগেই ভোট দেন, তবে সেই ভোট বাতিল হবে না। তবে নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের পর প্রার্থী দেখে ভোট দেওয়াই শ্রেয়।

তিনি জানান, প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনের সময়সীমা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। এর পর আর সময় বাড়ানো হবে না, কারণ তখন নতুন নিবন্ধিতদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানো সম্ভব হবে না।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ সোমবার অস্ট্রেলিয়ায় ৬ হাজার ৭৭৯টি, মালয়েশিয়ায় ১৬ হাজার ৫৬৮টি, ওমানে ১৮ হাজার এবং কাতারে ১১ হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

গত রোববার সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ১১৬টি, যুক্তরাষ্ট্রে ৮ হাজার ৭১৮টি, কানাডায় ৯ হাজার ৪৪৩টি, ইতালিতে ৫ হাজার ৬৮৬টি, জার্মানিতে ২ হাজার ১২৬টি এবং ফ্রান্সে ৩ হাজার ৩২১টি ব্যালট পাঠানো হয়।

এছাড়া গত শুক্রবার যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় এবং শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র, চীন, কুয়েত, কাতার, সৌদি আরব, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ সাতটি দেশে উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৫ লাখ ৭৫ হাজার ৬৯১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

এদিকে আজ সোমবার রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি করতে প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়েছে। মেইল প্রসেসিং সেন্টারে সংশ্লিষ্টরা অত্যন্ত উৎসাহের সঙ্গে কাজ করছেন এবং দেশের জন্য অবদান রাখতে পেরে তারা আনন্দিত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ