শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়ে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। […]
ছবি: সংগৃহীত
শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়ে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বের সামনে শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নতুন প্রজন্মের। শিশু-কিশোরদের প্রত্যেককে দেশের প্রতিনিধি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তাঁর ভাষায়, ‘এই বাংলাদেশ তোমাদের গড়তে হবে, তোমাদের তৈরি করতে হবে। বাংলাদেশকে পৃথিবীর বুকে শক্তিশালী হিসেবে দাঁড় করাতে হবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর এবং এই দেশের মালিক।’
শিশুদের সামগ্রিক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু পড়ালেখা করলেই চলবে না। এর পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিতেও দক্ষতা অর্জন করতে হবে। ভবিষ্যতে কেউ চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি কিংবা আইনজীবী হলেও তার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত থাকা প্রয়োজন।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি শিল্প-সংস্কৃতিতেও পারদর্শী হওয়া সম্ভব। শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা পারো, ইউ ক্যান ডু ইট।’
১৬ লাখের বেশি প্রতিযোগীর নিবন্ধন
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতায় এবার আগের আটটি ইভেন্টের সঙ্গে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়েছে। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে প্রতিযোগীরা।
প্রধানমন্ত্রী বলেন, এত বিপুলসংখ্যক শিশুর অংশগ্রহণ প্রমাণ করে, দেশের শিশু-কিশোরদের মধ্যে প্রতিভার অভাব নেই। তাদের প্রতিভা বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব। সরকার এমন পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে শিশুরা নির্বিঘ্নে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে।
তিনি জানান, দেশের ৫০৩টি উপজেলায় একযোগে অনলাইনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আগামী জুনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তৃতীয় বিদেশি ভাষা শেখার সুযোগ
শিশুদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ছয়-সাতটি বিদেশি ভাষার মধ্য থেকে প্রত্যেক শিশুকে একটি ভাষা বেছে নেওয়ার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তারেক রহমানের মতে, পড়াশোনা, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষতার পাশাপাশি আরেকটি বিদেশি ভাষা জানা থাকলে আন্তর্জাতিক পরিসরে এগিয়ে যাওয়ার সুযোগ বাড়বে। তিনি বলেন, এসব ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারলে বিশ্বের কোনো জাতিই বাংলাদেশের শিশু-কিশোরদের অগ্রযাত্রা আটকে রাখতে পারবে না।
একদিন বাংলাদেশ এমন শক্তিশালী ও সমৃদ্ধ দেশে পরিণত হবে, যাকে বিশ্বের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তখন অন্য দেশের উদাহরণ দেওয়ার পরিবর্তে বিশ্ববাসী বাংলাদেশের উদাহরণ দেবে বলেও মন্তব্য করেন তিনি।
খুলনা থেকে ৫০৩ উপজেলায় উদ্বোধন
বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সময়ে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায় প্রতিযোগিতাটির উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন। বিকেএসপির শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনার পাশাপাশি চীনা শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী ড্রাগন ও লায়ন ড্যান্স উপভোগ করেন প্রধানমন্ত্রী।
স্টেডিয়ামে উপস্থিত শিশু-কিশোর ও ক্রীড়াবিদদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অনুষ্ঠান শেষে স্টেডিয়াম প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসর গত ২ মে সিলেটে উদ্বোধন করা হয়েছিল। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করাই এ আয়োজনের লক্ষ্য।