সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:৫৪ পিএম, ২৭ অক্টোবর ২০২৬

‘ক্রসফায়ারে’ জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইজিপি অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন উল্লেখ করে তিনি বলেছেন, বক্তব্যটি ঠিক হয়নি এবং এমন কথা বলা উচিত ছিল না। মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ক্রসফায়ার সমর্থন করে না; বরং এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। তাঁর ভাষ্য, […]

‘ক্রসফায়ারে’ জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইজিপি অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন উল্লেখ করে তিনি বলেছেন, বক্তব্যটি ঠিক হয়নি এবং এমন কথা বলা উচিত ছিল না।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ক্রসফায়ার সমর্থন করে না; বরং এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। তাঁর ভাষ্য, আইনের কঠোর প্রয়োগের কথা বলতে গিয়ে আইজিপি অসতর্কতাবশত ওই মন্তব্য করেছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না। পুলিশ হেফাজতে মৃত্যু বা কাস্টডিয়াল ডেথের ঘটনাও সরকার সহ্য করবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার। তাঁর দাবি, এখন পর্যন্ত ক্রসফায়ার বা হেফাজতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। তবে অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে আখ্যা দেয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আইজিপির বক্তব্য নিয়ে মঙ্গলবার দুপুরে প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ক্রসফায়ার নিয়ে পুলিশপ্রধানের মন্তব্য সরকারের জন্য বিব্রতকর।

রিজভী বলেন, দীর্ঘদিন ধরে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করেছে বিএনপি। সেই দলের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা তাঁদের ভাবিয়ে তুলছে।

আইজিপির বক্তব্যের পর জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন প্রতিক্রিয়া জানায়। সমালোচনার মুখে সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরও এ বিষয়ে ব্যাখ্যা দেয়।

পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যায় বলা হয়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার অর্থে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি। অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগে কঠোরতা বোঝাতেই তিনি শব্দটি ব্যবহার করেছেন বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয়।

সূত্র: আমার দেশ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ