ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ এবং প্রাথমিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের স্বাক্ষরিত ছবি প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই নথিকে তিনি একটি ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) নিজের টেলিগ্রাম চ্যানেলে সমঝোতা স্মারকের ছবিটি প্রকাশ করেন পেজেশকিয়ান। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি লেখেন, “পারস্পরিক সম্মানের ছায়ায় […]
ছবি: সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ এবং প্রাথমিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের স্বাক্ষরিত ছবি প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই নথিকে তিনি একটি ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) নিজের টেলিগ্রাম চ্যানেলে সমঝোতা স্মারকের ছবিটি প্রকাশ করেন পেজেশকিয়ান। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি লেখেন, “পারস্পরিক সম্মানের ছায়ায় শান্তি বাস্তবায়িত হবে।” তার এই মন্তব্যকে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত নথিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নামও দেখা যায়।
ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকট নিরসনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করছেন।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, বুধবার (১৭ জুন) ফ্রান্সের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানের ফাঁকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পরে নথিটির মূল বিষয়বস্তু ও উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। যদিও চুক্তির সব ধারা প্রকাশ করা হয়নি, তবে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কমানো, সংঘাত বন্ধ রাখা এবং ভবিষ্যৎ আলোচনার ভিত্তি তৈরির বিষয়টি এতে গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছালেও আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে দুই দেশকে আলোচনার টেবিলে আনার চেষ্টা অব্যাহত ছিল। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এই সমঝোতা স্মারককে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
তবে চুক্তির বাস্তবায়ন এবং উভয় পক্ষের প্রতিশ্রুতি রক্ষার বিষয়টি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, নথিতে স্বাক্ষর হওয়া একটি ইতিবাচক সূচনা হলেও স্থায়ী শান্তি নিশ্চিত করতে হলে পারস্পরিক আস্থা ও ধারাবাহিক সংলাপ অব্যাহত রাখতে হবে।
এদিকে সমঝোতা স্মারকের স্বাক্ষরিত ছবি প্রকাশের মাধ্যমে ইরান আনুষ্ঠানিকভাবে এই কূটনৈতিক অগ্রগতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরল, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।