জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া সমন্বয়ের আলোচনা চললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করতে পরিবহন মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই কার্যকর থাকবে এবং […]
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া সমন্বয়ের আলোচনা চললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করতে পরিবহন মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই কার্যকর থাকবে এবং এর ব্যত্যয় হলে ব্যবস্থা নেওয়া হতে পারে।
সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় পরিবহন খাতে ব্যয় বেড়েছে। পাশাপাশি ডলারের মূল্য বৃদ্ধির কারণে যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণে দ্রুত ভাড়া সমন্বয়ের দাবি জানানো হয়েছে সরকারের কাছে।
এদিকে ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-এর উদ্যোগে বৈঠক হয়েছে। সেখানে প্রাথমিকভাবে প্রতি কিলোমিটারে ২২ পয়সা পর্যন্ত ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।
তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, বিষয়টি এখনো পর্যালোচনাধীন রয়েছে। বুধবার একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এরপর প্রজ্ঞাপন জারি হলে নতুন ভাড়া কার্যকর হবে। ততদিন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।