সারা দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রায় ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে […]
ছবি: সংগৃহীত
সারা দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রায় ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ বিহার ও পার্শ্ববর্তী এলাকায় সক্রিয় রয়েছে, যা দেশের আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, এই সময়ে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, তবে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, যদিও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার ও রোববার উভয় দিনেই দিন ও রাতের তাপমাত্রায় সামান্য বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে। সোমবারও একই ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি আরও জানিয়েছে, এই পাঁচ দিনের পরবর্তী বর্ধিত সময়েও তাপমাত্রা আরও বাড়তে পারে।