বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল আনা হয়েছে। রোববার দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সেনাপ্রধানের পর সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টিলারি ডকট্রিন অ্যান্ড ট্রেনিং সেন্টারের (আর্টডক) […]
(ওপরের বাম থেকে) লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশীদ, মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম ও মেজর জেনারেল মো. হাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল আনা হয়েছে। রোববার দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সেনাপ্রধানের পর সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টিলারি ডকট্রিন অ্যান্ড ট্রেনিং সেন্টারের (আর্টডক) জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন শূন্য থাকা এই পদে তিনি যোগ দিচ্ছেন। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি থেকে সিজিএস পদটি খালি ছিল। সর্বশেষ এ দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এদিকে সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
সেনাবাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল ফেরদৌস হাসান। তিনি এর আগে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের শীর্ষ পদেও পরিবর্তন এসেছে। সংস্থাটির বর্তমান মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তার স্থলে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশীদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিজিএফআইয়ের নতুন ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি পদ থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই রদবদলের মাধ্যমে সেনাবাহিনীর কমান্ড কাঠামোতে নতুন গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।