বছরে তিন মাস পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ খোলা রাখার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল রাখবে নির্বাচিত সরকার। সরকার মনে করছে, তিন মাসের বেশি সময় দ্বীপে পর্যটন চালু থাকলে সেন্ট মার্টিনের পরিবেশ, প্রতিবেশ ও অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। […]
ছবি: সংগৃহীত
বছরে তিন মাস পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ খোলা রাখার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল রাখবে নির্বাচিত সরকার। সরকার মনে করছে, তিন মাসের বেশি সময় দ্বীপে পর্যটন চালু থাকলে সেন্ট মার্টিনের পরিবেশ, প্রতিবেশ ও অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। প্রশ্নের জবাবে লিখিত উত্তরে তিনি বলেন, সরেজমিনে করা বিজ্ঞানভিত্তিক গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় পর্যটন বন্ধ থাকায় সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্যের উন্নতি হয়েছে।
মন্ত্রী জানান, প্রায় সাত বছর ধরে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা ও পরামর্শের পর ২০২৪ সালে সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া সেই নীতির ধারাবাহিকতাই এখনো বজায় থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান ব্যবস্থায় বছরে নয় মাস সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত নিষিদ্ধ রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে দ্বীপে যাতায়াতে কড়াকড়ি আরোপ করা হয়। এরপর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাত্র তিন মাসের জন্য দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়। ওই সময় প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটককে ভ্রমণের অনুমতি দেওয়া হয়।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘমেয়াদে পর্যটন নিয়ন্ত্রণের ফলে দ্বীপ প্রকৃতিগতভাবে নিজেকে পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছে। তাই বাংলাদেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপটির স্বাভাবিক পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই ব্যবস্থা অব্যাহত রাখা জরুরি।
তার ভাষায়, তিন মাসের বেশি সময় ধরে পর্যটন চালু থাকলে সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সে কারণে প্রাকৃতিক ঐতিহ্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষার স্বার্থে বর্তমান সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই।