সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৭:৩৪ অপরাহ্ন, ৪ জুলাই ২০২৬

সৌদিতে বিদেশিদের সম্পত্তি কেনায় কঠোর নতুন আইন, নিয়ম ভাঙলে ১ কোটি রিয়াল পর্যন্ত জরিমানা

বিদেশি নাগরিক ও বিনিয়োগকারীদের জন্য সম্পত্তি ক্রয় ও রিয়েল এস্টেট লেনদেনে কঠোর নতুন বিধিমালা জারি করেছে সৌদি আরব। নতুন আইনের আওতায় সম্পত্তি কেনাবেচার পুরো প্রক্রিয়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে এবং মালিকানা সংক্রান্ত তথ্য গোপন বা নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ১ কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, […]

সৌদিতে বিদেশিদের সম্পত্তি কেনায় কঠোর নতুন আইন, নিয়ম ভাঙলে ১ কোটি রিয়াল পর্যন্ত জরিমানা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

বিদেশি নাগরিক ও বিনিয়োগকারীদের জন্য সম্পত্তি ক্রয় ও রিয়েল এস্টেট লেনদেনে কঠোর নতুন বিধিমালা জারি করেছে সৌদি আরব। নতুন আইনের আওতায় সম্পত্তি কেনাবেচার পুরো প্রক্রিয়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে এবং মালিকানা সংক্রান্ত তথ্য গোপন বা নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ১ কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, ‘সৌদি ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে বিদেশি বিনিয়োগ বাড়ানো, রিয়েল এস্টেট খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অবৈধ লেনদেন রোধ করতেই নতুন এই বিধিমালা প্রণয়ন করা হয়েছে।

নতুন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকবে একটি সমন্বিত ডিজিটাল ইলেকট্রনিক পোর্টাল, যা জাতীয় রিয়েল এস্টেট রেজিস্ট্রির সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে। বিদেশি ব্যক্তি, আন্তর্জাতিক কোম্পানি এবং বিদেশি অংশীদারিত্ব থাকা সৌদি কোম্পানিগুলোকে সম্পত্তি কেনা, বিক্রি বা বিনিয়োগের জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

অনাবাসী বিদেশি নাগরিকদের সম্পত্তি কেনার আগে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত ডিজিটাল পরিচয়পত্র (ডিজিটাল আইডি) সংগ্রহ করতে হবে। পাশাপাশি নিজের নামে সৌদি আরবের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই ডিজিটাল আইডির সঙ্গে নিবন্ধিত সৌদি মোবাইল নম্বর সংযুক্ত রাখতে হবে।

বিদেশি কোম্পানির ক্ষেত্রে আরও কঠোর শর্ত আরোপ করা হয়েছে। তাদের প্রথমে সৌদি বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। কোম্পানির প্রত্যক্ষ ও পরোক্ষ সব সুবিধাভোগী মালিকের (Beneficial Owner) তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে একজন অনুমোদিত সৌদি নাগরিককে আইনগত প্রতিনিধি হিসেবে নিয়োগ দিতে হবে এবং কোম্পানির নামে সৌদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে।

নতুন বিধিমালা অনুযায়ী, কোনো কোম্পানির ৫ শতাংশ বা তার বেশি মালিকানা পরিবর্তন হলে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানাতে হবে। এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আনুষ্ঠানিক মালিক না হয়েও কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে পারে, সেই তথ্যও নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে।

বিদেশি অলাভজনক সংস্থাগুলোকেও ন্যাশনাল সেন্টার ফর নন-প্রফিট সেক্টর ডেভেলপমেন্টে নিবন্ধন করতে হবে। তাদের মালিকানা ও নিয়ন্ত্রণ কাঠামোর সব তথ্য প্রকাশ, সৌদি প্রতিনিধি নিয়োগ এবং স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক করা হয়েছে। গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন ঘটলে সেটিও ১৫ দিনের মধ্যে কর্তৃপক্ষকে জানাতে হবে।

বিদেশি পরিবারের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্ত্রী ও সন্তানদের একই পরিবারের নির্ভরশীল সদস্য হিসেবে গণ্য করা হবে। ফলে একই পরিবারের সদস্যরা পৃথকভাবে একাধিক আবাসিক সম্পত্তির মালিক হতে পারবেন না। তবে বিবাহবিচ্ছেদ হলে অথবা সন্তানের বয়স ২৫ বছর পূর্ণ হলে এই বিধিনিষেধ শিথিল হতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা শুধুমাত্র মুসলিমদের জন্য সংরক্ষিত থাকবে। কোম্পানি ও বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রেও এ দুটি পবিত্র নগরে বিশেষ নিয়ন্ত্রণ ও অতিরিক্ত বিধিনিষেধ কার্যকর থাকবে।

রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনায় বিদেশিদের সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে ২ শতাংশ ফি নির্ধারণ করা হয়েছে। তবে উত্তরাধিকার, আদালতের রায়, জনস্বার্থে অধিগ্রহণ, ওয়াকফসহ মোট ১০টি বিশেষ ক্ষেত্রে এই ফি থেকে অব্যাহতি দেওয়া হবে।

সরকার আরও জানিয়েছে, সম্পত্তি কেনাবেচাসহ সব ধরনের আর্থিক লেনদেন সৌদি সেন্ট্রাল ব্যাংক অনুমোদিত ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করতে হবে।

নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে প্রথমে সংশোধনের জন্য ১০ থেকে ১৮০ দিন পর্যন্ত সময় দেওয়া হবে। তবে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান, মালিকানা গোপন করা বা ডিসক্লোজার নীতি লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট সম্পত্তির মূল্যের সর্বোচ্চ ৫ শতাংশ, অর্থাৎ সর্বোচ্চ ১ কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।

সৌদি কর্তৃপক্ষের মতে, নতুন এই বিধিমালা বিদেশি বিনিয়োগকে আরও স্বচ্ছ, নিরাপদ ও জবাবদিহিমূলক করবে। একই সঙ্গে রিয়েল এস্টেট খাতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি আধুনিক ও ডিজিটালভিত্তিক কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে।

সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ