সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৬:৪৮ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬

সৌদি আরবে দুই স্থানে হামলায় নিহত ৪, আহত ১০; আহতদের মধ্যে দুই বাংলাদেশি

সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি আন্তর্জাতিক বিমানবন্দর ও তেলক্ষেত্র ঘিরে পৃথক হামলার ঘটনায় চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে দুই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। বুধবার দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও আটজন আহত হন। একই দিন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শায়বাহ […]

সৌদি আরবে দুই স্থানে হামলায় নিহত ৪, আহত ১০; আহতদের মধ্যে দুই বাংলাদেশি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি আন্তর্জাতিক বিমানবন্দর ও তেলক্ষেত্র ঘিরে পৃথক হামলার ঘটনায় চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে দুই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

বুধবার দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও আটজন আহত হন। একই দিন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে আসা একটি ড্রোন প্রতিহত করে দেশটির প্রতিরক্ষা বাহিনী। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে আরও দুজন নিহত এবং দুজন আহত হন।

দাম্মাম বিমানবন্দরে নিহত দুজনের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় প্রবাসী। আহত আটজনের মধ্যে দুজন বাংলাদেশি, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, একজন নেপালি এবং একজন সৌদি নাগরিক রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

হামলায় বিমানবন্দরের অবকাঠামোরও ক্ষতি হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

আহত দুই বাংলাদেশি প্রবাসী হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।

তাদের পরিচয় উল্লেখ করে বৃহস্পতিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আহত দুই বাংলাদেশি বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে আসা ড্রোনটি প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। এ ঘটনায় নিহত দুজনের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। আহত দুজনের একজন পাকিস্তানি এবং অন্যজন ভারতীয় নাগরিক।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার কারণে তেলক্ষেত্রটির কার্যক্রম ব্যাহত হয়নি।

এদিকে বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানিয়েছেন, রিয়াদ ও মদিনা অঞ্চলের দিকে আসা চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

সৌদি আরবে সাম্প্রতিক সময়ে বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে দাম্মাম বিমানবন্দরে সর্বশেষ হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ নির্দিষ্ট করে কিছু জানায়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ